মানবতাবিরোধী অপরাধের বিচার: গোলাম আযমের আইনজীবীর দাবি
মুক্তিযুদ্ধকালে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষ দাবি করেছে, মুক্তিযুদ্ধকালে সংবাদপত্রের স্বাধীনতা বলে কিছু ছিল না। পাকিস্তান সামরিক সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে সে সময় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হতো।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এ দাবি করেন। গতকাল তিনি গোলাম আযমের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। গোলাম আযমকে শারীরিক কারণে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।যুক্তিতে মিজানুল ইসলাম বলেন, সামরিক সরকারের সময় গণমাধ্যমের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। মুক্তিযুদ্ধকালে দেশের বিভিন্ন সংবাদপত্রের ওপর পাকিস্তান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। গোলাম আযমের বিভিন্ন বক্তব্য সে সময়ের পত্রিকায় খণ্ডিত আকারে ছাপা হয়েছে।প্রসঙ্গত, গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি প্রভৃতি অভিযোগ প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ একাত্তরের বিভিন্ন পত্রিকার প্রতিবেদন প্রদর্শনী হিসেবে দাখিল করেছে। এর মধ্যে অসংখ্য প্রতিবেদন জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়েছে।গতকাল মিজানুল ইসলাম রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম (এসপি মাহবুব) ও তৃতীয় সাক্ষী মানবাধিকারকর্মী সুলতানা কামালের সাক্ষ্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দ্বিতীয় সাক্ষী এসপি মাহবুব জেরার বিভিন্ন প্রশ্নের জবাবে ৬১ বার ‘জানি না’, ‘শুনিনি’ প্রভৃতি জবাব দিয়েছেন। এতে প্রমাণিত হয়, তিনি সত্য গোপন করেছেন অথবা অসত্য সাক্ষ্য দিয়েছেন।একাত্তরে এসপি মাহবুব তৎকালীন ঝিনাইদহ মহকুমার এসডিপিও (সাবডিভিশনাল পুলিশ অফিসার) ছিলেন। একাত্তরের ১৭ এপ্রিল তাঁর নেতৃত্বে মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমানে মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল।রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সুলতানা কামালের সাক্ষ্যের উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী বলেন, শান্তি কমিটিকে তিনি পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী বলেছেন। কিন্তু শান্তি কমিটি, রাজাকার, আলবদর প্রভৃতি বাহিনী সম্পর্কে তিনি অনুমাননির্ভর সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে গোলাম আযমের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতা-পরবর্তী সময়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে ৪০-৪১টি মামলা হয়েছে। এসব মামলার কোনোটিতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে গোলাম আযমের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়নি।বিকেলে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।