মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান পরিষ্কার করেছেন খালেদা: জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা। দলটির দাবি, মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে খালেদা জিয়া এই বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তিনি তাঁর মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান পরিষ্কার করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন। বিবৃতিতে তাঁরা বলেন, খালেদা জিয়া ইনিয়ে বিনিয়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিরোধিতা করছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা ও রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডকে সমর্থন করছেন। তিনি অযৌক্তিক হরতাল ডেকে তাঁর অসুস্থ রাজনৈতিক চিন্তা এবং চরম দায়িত্বজ্ঞানহীনতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘বেগম জিয়া গত কয়েক দিনের ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে ৩০ লাখ মানুষকে গণহত্যার ঘটনা ম্লান করতে চাইছেন। বিএনপির নিজস্ব রাজনৈতিক অবস্থান বলে আর কিছুই অবশিষ্ট নেই। বরং বিএনপি সম্পূর্ণভাবে জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির ওপর নির্ভরশীল একটি দল। তবে বেগম জিয়া বা কোনো শক্তিই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। জাতি ঐক্যবদ্ধভাবে বিচার বানচালের চক্রান্ত মোকাবিলা করবে।’আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেকোনো রায়ই এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। সেই সঙ্গে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের আন্দোলনেরও কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। সরকার দেশে ‘গণহত্যা’ চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।