মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননা জানাবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বাধীনতাযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেবে সরকার। আগামী বছর ২৬ মার্চ স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে তাঁদের এ সম্মাননা জানানো হবে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আবুল কালাম আজাদ জানান, আগামী বছর স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে স্বাধীনতাযুদ্ধে যেসব বিদেশি নাগরিক সহযোগিতা করেছেন, অবদান রেখেছেন, তাঁদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হবে। বিদেশি নাগরিকদের তালিকা প্রণয়ন করা হচ্ছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে তালিকা প্রণয়নের কাজ করছে।বৈঠক সূত্র জানায়, বিদেশি নাগরিকদের মধ্যে যাঁরা জীবিত আছেন, তাঁদের সবাইকে বাংলাদেশে আনার চেষ্টা করা হবে। আর মৃতদের মরণোত্তর সম্মাননা জানানো হবে। এ জন্য তাঁদের প্রতিনিধিদের আনা হবে। মন্ত্রিসভার গতকালের বৈঠকে বিদেশি নাগরিকদের একটি তালিকা উপস্থাপন করা হয়। তবে তালিকা অসম্পূর্ণ বলে এ নিয়ে আলোচনা হয়নি। তালিকা সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো তালিকা পাওয়ার পরই তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে।এ সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৬ মার্চ অন্তত ১৯ জন বিদেশি বিশিষ্ট ব্যক্তিকে আনার চেষ্টা করা হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বিশ্বের বিভিন্ন দেশের যেসব বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিক, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিক বিশেষ অবদান রেখেছেন তাঁদের নিয়েই তালিকা করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবদান রাখা সংগঠন বা প্রতিষ্ঠানের তালিকাও তৈরি হচ্ছে।তালিকায় সাড়ে চার শ বিদেশি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতাযুদ্ধে অসাধারণ অবদান রেখেছেন এমন সাড়ে চার শ বিদেশি নাগরিকের তালিকা হচ্ছে। তাঁদের মধ্যে বেশির ভাগই ভারতের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্রের নাগরিক রয়েছেন। পাকিস্তানের কয়েকজন নাগরিকও তালিকায় আছেন। আরও আছে কয়েকটি আন্তর্জাতিক সংস্থার নাম। তালিকায় রাজনীতিবিদ ছাড়াও কবি, দার্শনিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, গায়ক, চলচ্চিত্রকার ও সামরিক ব্যক্তিত্বের নাম রয়েছে। সিইপিজেডে সহিংসতা নিয়ে আলোচনা: বৈঠক সূত্র জানায়, বৈঠকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাকশ্রমিকদের সহিংসতা নিয়ে আলোচনা হয়। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসেন। এ সময় বলা হয়, চট্টগ্রামে পোশাকশ্রমিকদের অসন্তোষের নামে বিপুলসংখ্যক বহিরাগত অংশ নেয়। তারা লুঙ্গি পরা ছিল। তৈরি পোশাক কারখানায় লুঙ্গি পরে কেউ কাজ করে না। বৈঠকে বলা হয়, বিএনপি-জামায়াতের ইন্ধনে তাদের দলীয় কর্মীরা সহিংসতায় লিপ্ত হয়। আগের দিন এ এলাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ হয়। প্রধানমন্ত্রী এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপ সম্পর্কে বৈঠকে অবহিত করেন। কেন পোশাকশ্রমিকদের দাবি-দাওয়ার নামে সহিংসতা হচ্ছে, কারা ইন্ধনদাতা এবং বহিগরাগতদের ব্যাপারে খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দেন। এ জন্য তিনি শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানকে শ্রমিক অসন্তোষের কারণ খোঁজার দায়িত্ব দেন। এ ছাড়া গতকালের বৈঠকে উদ্ভিদ সঙ্গনিরোধ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।