মুক্তিযুদ্ধে গোলাম আজম-নিজামীর ভূমিকাকে আদালতে উপস্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হলে আড়াল করা অনেক ইতিহাস নতুন করে সামনে আনা হবে। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, নুরুল আমীন, শাহ আজিজুর রহমানসহ মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণকারী ব্যক্তিদের কার কী ভূমিকা ছিল, তা চিহ্নিত করা হবে। আইনজীবীদের সামনে আদালতে তাঁদের কৃতকর্ম উপস্থাপন করা হবে। রাজাকার, আল-বদর কারা ছিলেন, তাঁরা যুদ্ধের সময় কী করেছেন, তা চিহ্নিত করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালেই যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেছেন। বঙ্গবন্ধুর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আমরা আর সভা-সমাবেশ করতে চাই না।’ যুদ্ধাপরাধীদের বিচার হবে প্রতীকী এ কথা জানিয়ে তিনি বলেন, ১৫-২০ হাজার মানুষের বিচার হবে না। সুনির্দিষ্টভাবে চিহ্নিত অপরাধীদের বিচার হবে।বিশ্বের পাঁচটি দেশে যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে, এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বিচারগুলোতে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।লন্ডনের এক সভার ঘটনা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘সমাবেশ থেকে আমাকে এক লোক ডেকে নিয়ে বলল, শেখ হাসিনাকে বলেন তিনি যাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের দিকে অগ্রসর না হন। এই বিচার হলে বঙ্গবন্ধু পরিবারের অবশিষ্ট সদস্যদের হত্যা করা হবে।’ যুদ্ধাপরাধী ও রাজকাররা এখনো দেশ-বিদেশে অবস্থান করছেন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা নানা ধরনের অপচেষ্টা চালাবেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একতাবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করতে আগামী সপ্তাহের মধ্যে প্রসিকিউটর ও আইনজীবী নিয়োগ শেষ হবে। এমনভাবে বিচারপ্রক্রিয়া শুরু হবে, যাতে কোনো একজন যুদ্ধাপরাধীকে পাওয়ার পরই তাঁকে আদালতে হাজির করানো যায়।মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মনজুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে দেশের ৭০টি জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আসা দুজন করে প্রতিনিধি অংশ নেন।