বঙ্গবন্ধুর জন্মদিনে আলোচনায় আশরাফ
মুক্তিযুদ্ধে গোলাম আযম নিজামীদের ভূমিকা চিহ্নিত করা হবে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে আড়াল করা অনেক ইতিহাস সামনে আসবে। গোলাম আযম, মতিউর রহমান নিজামী, নুরুল আমীন, শাহ আজিজুর রহমানসহ মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণকারীদের কার কী ভূমিকা ছিল, তা চিহ্নিত হবে। আইনজীবীদের সামনে আদালতে তাঁদের কৃতকর্ম উপস্থাপন করা হবে। রাজাকার, আলবদর কারা ছিলেন, তাঁরা যুদ্ধের সময় কে কী করেছেন, তা চিহ্নিত হবে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ হবে বলে তিনি মন্তব্য করেন।গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধুর ৯১তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সংগঠনের ইস্কাটনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশের লাখ লাখ মানুষকে হত্যা ও নারী নির্যাতন করা হয়েছিল। সেই পাপ থেকে জাতিকে মুক্ত করতেই যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেকে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে চাইবে। তাই ইস্পাত-কঠিন মনোবল নিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে।সৈয়দ আশরাফ আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করলে কিছু দেশ আমাদের ওপর ক্ষুব্ধ হবে, অনেকে বিদ্যুৎসংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলে দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইবে। কারও কথায় বিভ্রান্ত ও আতঙ্কিত না হয়ে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, কারও বাঁশির হুইসেল বা ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়নি। এটা ছিল একটা দীর্ঘ প্রক্রিয়া, যা বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে শুরু করেছিলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের কাছে স্বপ্ন, কিংবদন্তিতুল্য পুরুষ, আমাদের শেকড়। বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষাকে চিরতরে নিস্তব্ধ করতে তাঁকে হত্যা করা হয়। তাঁর হত্যার মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করার কাজ শুরু হয়। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হচ্ছে।’সভাপতির বক্তব্যে আতাউর রহমান খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে পারলে বঙ্গবন্ধুকে অবমূল্যায়নকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মধ্যবর্তী নির্বাচনের দাবিকে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করে বলেন, মধ্যবর্তী নির্বাচন কি মামার বাড়ির আবদার, যে চাইলেই পাওয়া যাবে? তিনি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের উদ্দেশে বলেন, কেবল মিছিল আর স্লোগানে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বললে হবে না। বিচারের জন্য প্রসিকিউটর ও তদন্ত কমিটি নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করতে হবে।বিএনপির মধ্যবর্তী নির্বাচন দাবি সম্পর্কে মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘সাহস থাকলে আপনাদের আসনগুলো থেকে পদত্যাগ করে উপনির্বাচনে আসুন। প্রমাণ হয়ে যাবে, আপনাদের জনপ্রিয়তা রয়েছে, নাকি আমাদের।’আলোচনা সভায় আরও বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ সিদ্দিকী, আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাইদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, ফজিলাতুন্নেসা, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা: বিশ্বের পাঁচটি দেশে যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই বিচারগুলোয় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করার জন্য আগামী সপ্তাহের মধ্যে প্রসিকিউটর ও আইনজীবী নিয়োগ শেষ হবে। এমনভাবে বিচার-প্রক্রিয়া শুরু হবে, যাতে কোনো একজন যুদ্ধাপরাধীকে পাওয়ার পরই তাকে আদালতে হাজির করানো যায়।মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদের সভাপতিত্বে সেমিনারে দেশের ৭০টি জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আসা দুজন করে প্রতিনিধি অংশ নেন।