মুক্তিযুদ্ধে নির্মমতার সাক্ষী দাড়াইন নদী
একাত্তরের জুন মাসের শেষ সপ্তাহ। সুখলাইন গ্রামের মানুষজন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। বর্ষাকাল হওয়ায় গ্রামের লাগোয়া দাড়াইন নদী আর হাওরের পানি মিলেমিশে একাকার। শান্তশিষ্ট মেঘমুক্ত আকাশ হঠাত্ করেই বিদ্রোহী হয়ে উঠল। অন্ধকারে ঢেকে গেল আকাশ। শুরু হলো তুমুল বৃষ্টি।বর্ষায় ফুলে-ফেঁপে ওঠা ঢেউ বারবার আঘাত হানছে বাঁশ আর ফেনা দিয়ে তৈরি বেষ্টনীতে। সকাল ১০টার দিকে গ্রামের মাস্টার বাড়ির ঘাটে একটি নৌকা ভেড়ে। হাতে বন্দুক আর দেশীয় অস্ত্র নিয়ে পাঞ্জাবি আর রাজাকারদের সমন্বয়ে গঠিত ১৫-২০ সদস্যের একটি দল মুহূর্তেই বন্দুকের ফাঁকা আওয়াজ করতে করতে ঢুকে পড়ে গ্রামে।প্রথমেই তারা তাণ্ডব চালায় মাস্টারবাড়িতে। স্বর্ণ-তামা-কাঁসাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। পরে ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এভাবে একের পর এক পাকিস্তানি বাহিনীর দোসরেরা বিভিন্ন ঘর লুটপাট করে। নারী-পুরুষদের হাত-পা বেঁধে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে এনে তাদের ওপর চালায় অমানুষিক নির্যাতন। কারও চোখ তুলে ফেলে। কাউকে বন্দুকের নল দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে হাত-পা বেঁধে নদীতে ফেলে। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুখলাইন গ্রামে পাকিস্তানি দোসরদের পৈশাচিক এসব কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বৃন্দাবন দাসের কথার সূত্র ধরে এসব তথ্য জানা যায়। গ্রামবাসীর সঙ্গে আলাপ করে এসব কথার সত্যতাও পাওয়া যায়।কৃষ্ণধন দাস, হরি দাস, কালীপদ দাসসহ গ্রামবাসী জানান, ওই দিন পাঞ্জাবি ও রাজাকাররা সুখলাইন গ্রামের বড় হাটির পার্বতী দাস (৬০), কমলাকান্ত দাস (১৫), সুকুমার দাশ (২৫), অমরীবালা দাস (৬০), জগতচন্দ্র দাশ (৫৫), রসলাল দাশসহ (২৪) নাম না জানা আরও কয়েকজনকে ধরে টেনেহিঁচড়ে নিজেদের নৌকায় তোলে। এরপর নৌকাটি গ্রামের ডাক্তারবাড়ির ঘাটে ভেড়ানো হয়। সেখানে লুটপাট করে আটক ব্যক্তিদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। সেই সময় পাঞ্জাবি ও রাজাকারদের হাতে আটক হয়েছিলেন গ্রামের পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধ বৃন্দাবন দাস। হাত-মুখ-পা-চোখ বেঁধে তাঁকেও নৌকায় তোলা হয়েছিল। তিনি ছিলেন সবার শেষের দিকে। সে সময়কার স্মৃতিচারণা করতে গিয়ে বৃন্দাবন দাস বলেন, ‘চোখ-মুখ-হাত বেঁধে আমাকে নৌকায় তুলে গলুইয়ের পাশে বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পরপর কে যেন প্রচণ্ড জোরে পিছমোড়া করে বাঁধা হাত ও পিঠে বুটের লাথি মারছিল। বুঝতে পারছিলাম একে একে আমার আগের জনদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। মুখ বাঁধা থাকায় অনেকে চিত্কারটুকু করতে পারছে না। শুধু গোঙানি শোনা যাচ্ছিল।’তিনি স্মৃতি ঘেঁটে বললেন, ‘আমি মৃত্যুর প্রহর গুনতে থাকলাম আর মনে মনে ভগবানকে ডাকতে থাকলাম। কিছুক্ষণ পরপর আমার পেছনের বাঁধা হাতে লাথি পড়ায় একসময় হাতের গিট্টুটা ঢিলা লাগতে লাগল। আস্তে মোচড় দিতেই গিট্টুটা খুলে গেল। একসময় সুযোগ বুঝে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুব দিয়ে অনেকদূর চলে গেলাম। ধীরে ধীরে চোখের বাঁধন খুলে দিলাম। লক্ষ করলাম পানি রক্তে লাল। নাক পানির উপরে রেখে কোনোমতে কচুরিপানার নিচে লুকিয়ে থাকলাম। শীতে ঠকঠক করে কাঁপছি। টুপটুপ বৃষ্টি পড়ছে। রাজাকাররা হাতের লগি-বৈঠা দিয়ে পানির চারপাশে সপাত্ সপাত্ উপর্যুপরি কয়েকবার এলোপাতাড়ি বাড়ি দিল। একটা বাড়ি আমার মাথায় লাগে। আমি ককিয়ে উঠতে গিয়েও প্রাণভয়ে দাঁত চেপে তা সহ্য করলাম।’বৃন্দাবন দাস একনাগাড়ে বলে যান, ‘একসময় আমার চিন্তা বাদ দিয়ে নরপশুরা নৌকায় বন্দী অন্যদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। কচুরিপনার ফাঁক দিয়ে দেখলাম আটককৃতদের চোখে-মুখে-পেটে রাজাকাররা বন্দুকের নল ও বাঁট দিয়ে খোঁচাচ্ছে। এ ভয়াবহ দৃশ্য দেখে আমি শিউরে উঠলাম। এভাবে মানুষ মারা যেতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। একসময় ওরা ফিরে গেলে আমি আস্তে আস্তে উঠলাম। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে।’ শাল্লা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমন মিয়া বলেন, সুখলাইন গ্রামের নৃশংসতম ঘটনাটি আজ পর্যন্ত লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা জানতে পারে সে জন্য এ ধরনের ঘটনাগুলো তুলে আনা দরকার।