মুক্তিযুদ্ধে বিদেশি সংস্কৃতিসেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে দেশবাসী যখন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মরণপণ সংগ্রামে ঐক্যবদ্ধ, আমাদের দেশের সংস্কৃতিসেবী ও বুদ্ধিজীবীরা তখন এ লড়াইয়ের সঙ্গে শুধু সহমর্মিতাই প্রকাশ করেননি, প্রত্যক্ষভাবে তাতে অংশও নিয়েছেন। কবিতা, গান, চিত্রকলা, সিনেমাসহ বিভিন্নভাবে দেশের মানুষকে তাঁরা উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছেন। ওয়াহিদুল হক আর সন্জীদা খাতুনের নেতৃত্বে বাংলাদেশের সংগ্রামী শিল্পী দল শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের শিবিরে ও বিভিন্ন জমায়েতে গিয়ে গান করেছেন। কামরুল হাসানের নেতৃত্বে শিল্পীরা এঁকেছেন ছবি, তৈরি করেছেন নানা পোস্টার। গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত করতে জহির রায়হান তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড। অবরুদ্ধ ঢাকা নগরে বাস করেও স্বাধীনতার জন্য গান তৈরি করেছেন আলতাফ মাহমুদ, কবিতা লিখেছেন শামসুর রাহমান বা উপন্যাস রচিত হয়েছে শহীদুল্লা কায়সার ও আনোয়ার পাশার ক্ষিপ্র হাতে। সুফিয়া কামাল অবরুদ্ধ ঢাকার প্রতিদিনের ডায়েরি লিখেছেন। ডায়েরি লিখেছেন জাহানারা ইমাম। এভাবেই আমাদের দেশের প্রায় সব সংস্কৃতিসেবী দেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য উজ্জ্বল এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। দেশের অভ্যন্তরে বা মুক্তিযুদ্ধে সহায়তাকারী প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের সংস্কৃতিসেবীরা যখন অনুপ্রেরণা সৃষ্টির কাজ করে যাচ্ছেন, আন্তর্জাতিক পরিসরে তখন বিশ্বনন্দিত শিল্পী, সাহিত্যিক, কবি বা গায়কেরাও একইভাবে আমাদের স্বাধীনতার সমর্থনে উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। কবিতা পড়ে, কনসার্টে গান গেয়ে, ছবি এঁকে মহাবিপর্যয়ের দিনগুলোতে তাঁরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সভা-সমাবেশ বা মিছিল করে নিজ নিজ দেশের মানুষের মধ্যে আমাদের জন্য সহানুভূতি সৃষ্টি আর সমর্থন আদায়ের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের পক্ষে আন্তর্জাতিক সংহতি আন্দোলনে যাঁরা বিশাল অবদান রেখেছেন, তাঁদের মধ্যে প্রথম সারিতে স্মরণ করতে হয় আর্জেন্টিনার খ্যাতনামা লেখক ও রবীন্দ্র-অনুরাগী ভিক্টোরিয়া ওকাম্পো, ফ্রান্সের প্রখ্যাত মানবতাবাদী লেখক আঁদ্রে মালরো, ভারতের সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর, বিটল্স্-এর গায়ক জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টার, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ, রুশ কবি আন্দ্রেই ভজনেসেনিস্ক, মার্কিন গায়িকা জোয়ান বায়েজ, বব ডিলান প্রমুখের কথা।প্রতিবেশী ভারতের প্রায় সব ভাষার সে সময়কার প্রধান শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীর ঐশ্বর্যমণ্ডিত ভূমিকা কি কোনো দিন ভোলা সম্ভব? সত্যজিৎ রায়, লতা মুঙ্গেশকর, হীরেন্দ্র মুখোপাধ্যায়, বিষ্ণু দে, মকবুল ফিদা হুসেন, রাজ কাপুর, মুলকরাজ আনন্দ, হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, ঋত্বিক ঘটক, সুচিত্রা মিত্র, ভূপেন হাজারিকা, সলিল চৌধুরী, সুভাষ মুখোপাধ্যায়, মৈত্রেয়ী দেবী, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে ‘জয় বাংলা’র সংগ্রামের সঙ্গে সহমর্মিতা জানিয়েছেন, নানাভাবে সহযোগিতা করেছেন। এখনো মনে পড়ে, একাত্তরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঢাকা থেকে বেরাইদ হয়ে নৌকায় যাচ্ছি কমরেডদের নিয়ে। হঠাৎ কলকাতা রেডিওতে বেজে উঠল দেবব্রত বিশ্বাসের কণ্ঠে সেই দারুণ প্রণোদনাময় গান, ‘আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, জ্বলে দ্বিগুণ দারুণ প্রতিশোধে...।’কলকাতার রবীন্দ্রসদনে সুচিত্রা মিত্র গাইছেন ‘আমার সোনার বাংলা’ আর তাঁর দুচোখ বেয়ে অবিরল ঝরছে অশ্রুধারা। প্রত্যক্ষদর্শী বন্ধু আবুল হাসনাতের কাছ থেকে শোনা এই দারুণ আবেগপূর্ণ দৃশ্যের কথা যখনই মনে হয়, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। সেই একাত্তরে পঞ্চাশোর্ধ্ব কবি সুভাষ মুখোপাধ্যায়—যেন টগবগে তরুণ—বক্তৃতা করছেন, সীমান্তে যাচ্ছেন, মুক্তাঞ্চলে ঢুকে পড়ছেন, লিখছেন, আরও কত কী-ই না করছেন। সেসব দিনের অভিজ্ঞতায় পূর্ণ কবি সুভাষের রিপোর্টাজ গ্রন্থ ওদের ক্ষমা নেই এখন কোথাও পাওয়া যায় না। জীবদ্দশায় তাঁর সঙ্গে যতবার দেখা হয়েছে, তিনি সেসব দিনের কথা বলতেন। বারবার বলতেন একাত্তরের জহির রায়হানের কথা।বিগত বছরগুলোয় কলকাতায় যেসব কবি বা শিল্পীর সঙ্গে দেখা হয়েছে, তাঁরাও বলেছেন সে সময়ে তাঁদের নানা কর্মকাণ্ডের কথা। অন্তত দুজন প্রথম সারির শিল্পী কে জি সুব্রামনিয়াম ও যোগেন চৌধুরী আমাদের একাত্তরের সংগ্রাম নিয়ে যে শিল্পকর্ম করেছিলেন, তা বাংলাদেশের কোনো জাতীয় সংগঠনকে উপহার দিতে চেয়েছিলেন। আর বেশ কয়েক বছর আগে সাপ্তাহিক সচিত্র সন্ধানীতে বন্ধু আলমগীর সাত্তারের এক লেখায় জেনেছিলাম, মুম্বাই চলচ্চিত্র ও সংগীতজগতের অনেক শিল্পী বাংলাদেশের মুক্তিসংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। মুম্বাই বাংলাদেশ সহায়ক সমিতির দুই সহসভানেত্রী ছিলেন অভিনেত্রী ওয়াহিদা রেহমান ও শর্মিলা ঠাকুর।একাত্তরে লাতিন আমেরিকার আর্জেন্টিনায় বাংলাদেশের সংহতি আন্দোলনের সামনে ছিলেন লেখক, শিল্পী ও ধর্মীয় নেতারা। একাত্তরের ১১ জুন তাঁদের একটি প্রতিনিধিদল আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামীদের জন্য সাহায্য পাঠানোর দাবি জানিয়েছিলেন। এই দাবিনামায় যাঁরা স্বাক্ষর করেছিলেন, তাঁদের মধ্যে প্রথমেই ছিলেন আশি-ঊর্ধ্ব ভিক্টোরিয়া ওকাম্পোর নাম। তাঁর সঙ্গে ছিলেন খ্যাতনামা সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেসসহ আর্জেন্টিনার সেরা লেখক ও শিল্পীদের অনেকে।রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিজয়া’—ভিক্টোরিয়ার নামের এই বাংলা প্রতিশব্দ করেছিলেন কবি নিজে—ভিক্টোরিয়া ওকাম্পো বাংলাদেশের সমর্থনে রাজধানী বুয়েনস এইরেসের একটি মিছিলের পুরোভাগে ছিলেন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি আমার সমর্থন অত্যন্ত স্বাভাবিক। কারণ, বাংলাদেশের মানুষের ভাষা বাংলা। বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরেরও ভাষা। আর তিনি (রবীন্দ্রনাথ) বহু সময় কাটিয়েছেন বাংলার ওই অংশে। সে জন্য এই অঞ্চলের মানুষের সংগ্রামের প্রতি সহমর্মিতা প্রকাশ আমার কর্তব্য বলে মনে করেছি।’শুধু ভিক্টোরিয়া ওকাম্পো নন, বিশ্বসাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব ফ্রান্সের আঁদ্রে মালরো বাংলাদেশের মুক্তিসংগ্রামের সময় গর্জে উঠেছিলেন প্রবল বিক্রমে, বাংলাদেশের জন্য সশস্ত্র যুদ্ধে যোগদানের প্রতীকী অঙ্গীকার ঘোষণা করেছিলেন। সেই ঘোর অমানিশার দিনে তাঁর দুঃসাহসী কণ্ঠস্বর বিপুল প্রেরণা জুগিয়েছিল।বিট বংশের উদ্যোক্তা কবি অ্যালেন গিন্সবার্গকে বাংলাদেশের একাত্তরের ট্র্যাজেডি গভীরভাবে আলোড়িত করেছিল। বাংলাদেশের লাখো-কোটি মানুষের দুর্দশা স্বচক্ষে দেখতে তিনি ভারতে এসেছিলেন একাত্তরের সেপ্টেম্বরে। বাংলাদেশের শরণার্থী শিবিরের নিদারুণ অভিজ্ঞতা তিনি বাণীবদ্ধ করেছিলেন ‘যশোর রোডে সেপ্টেম্বর’ নামের দীর্ঘ কবিতায়। তার একটি অংশ এ রকম: ‘লক্ষ শিশু দেখছে আকাশ অন্ধকার/ উদর স্ফীত, বস্ফািরিত চোখের ধার/ যশোর রোডে বিষণ্ন সব বাঁশের ঘর/ ধুঁকছে শুধু, কঠিন মাটি নিরুত্তর।’কলকাতার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখা থেকে জেনেছি, অ্যালেন গিন্সবার্গ তাঁর এই কবিতাটিতে সুর দিয়েছিলেন। হারমোনিয়াম বাজিয়ে নিজে গেয়েছেন বহুবার। এই কবিতা, এই গান গিন্সবার্গের খুব প্রিয় ছিল। এখন আমরা যখন মৌসুমী ভৌমিকের কণ্ঠে অ্যালেন গিন্সবার্গের ‘যশোর রোডে সেপ্টেম্বর’ গানটি শুনি, তখন সেই দিনগুলোর দুঃখ-বেদনা-লড়াইয়ের কথাগুলো বড় বেশি মনে পড়ে।একাত্তরে বাংলাদেশ নিয়ে গায়ক-শিল্পীদের সবচেয়ে বিশাল সংগঠিত আয়োজন ছিল নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১ আগস্টে অনুষ্ঠিত অবিস্মরণীয় সংগীতসন্ধ্যাটি। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর। বাংলাদেশের জনগণের সাহায্যার্থে কিছু করার জন্য তিনি প্রথম যোগাযোগ করেন জনপ্রিয় ‘বিটল্স্’-এর অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে। হ্যারিসন এগিয়ে আসেন এবং উদ্যোগী হয়ে অন্যান্য শিল্পীর সঙ্গে যোগাযোগ করেন। ৪০ হাজার শ্রোতা-দর্শক এই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের এই অনুষ্ঠান থেকে উদ্যোক্তারা ২,৪৩,৪১৮.৫০ ডলার সংগ্রহ করে ইউনিসেফের বাংলাদেশের শিশুসাহায্য তহবিলে প্রদান করেছিলেন। ৪০টি মাইক্রোফোনে অনুষ্ঠানের গান ও কথা রেকর্ড করে তিনটি লং প্লেইং নিয়ে একটি বড় অ্যালবাম প্রকাশ করা হয়েছিল। সঙ্গে ছিল বহু রঙে মুদ্রিত সেই অনুষ্ঠানের একটি সুদৃশ্য সচিত্র পুস্তিকা।‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ শুরু হয়েছিল পণ্ডিত রবিশঙ্করের একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে। এ কনসার্টের জন্য তিনি তৈরি করেছিলেন ‘বাংলাদেশ ধুন’ বলে নতুন একটি সুর। আর তাঁর সঙ্গে সরোদে যুগলবন্দী ছিলেন ওস্তাদ আলী আকবর খান। তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা। তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী। সেদিন ম্যাডিসন স্কয়ারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী গানের রাজা বব ডিলান। তিনি গেয়েছিলেন ছয়টি গান, ‘মি. ট্যাম্বুরিনম্যান’ থেকে শুরু করে তাঁর লেখা ও সুরারোপিত ৫০ লাইনের বিখ্যাত গান ‘এ হার্ড রেইন ইজ গোননা ফল’। সেদিন বব ডিলানের সঙ্গে গিটার বাজিয়েছিলেন জর্জ হ্যারিসন, ব্যাস লিওন রাসেল ও ট্যাম্বুরিন রিঙ্গো স্টার। সে অনুষ্ঠানে বিটল্স্-এর অন্যতম সদস্য রিঙ্গো স্টার, লিওন রাসেল, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টন প্রমুখ গান গেয়েছেন, গিটার বাজিয়েছেন।এই অনুষ্ঠানের জন্য জর্জ হ্যারিসন লিখেছিলেন নতুন গান: ‘এল একদিন বন্ধু আমার/ চোখভরা তার ধু-ধু হাহাকার/ বলে গেল, চাই শুধু সহায়তা/ দেশ তার আজ ধুঁকে ধুঁকে মরে/ বেশি কিছু আমি জানতে চাই না।’ এটি ছিল অনুষ্ঠানের শেষ গান। আধুনিক বাদ্যযন্ত্রের সম্মিলিত চড়া সুরের মধ্যে আর্তনাদের মতো করুণ অথচ দৃঢ় কণ্ঠে জর্জ হ্যারিসনের এই গান আর তাঁর মহতী উদ্যোগ আমাদের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে সংহতি প্রকাশের বহু স্মরণীয় কার্যক্রমের মধ্যে এক সমুজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনা ছাড়াও জর্জ হ্যারিসন একক সংগীত করেছিলেন ছয়টি।‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানের পুরোটাই পরবর্তী সময়ে ডিভিডি আকারে বাজারজাত করেছে ইউনিসেফ। ২০০৫ সালে এটি মুক্তি দেওয়া হয়। তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন কফি আনান। এ ঘটনাকে তিনি বিশেষ মর্যাদাবহ বলে মনে করেন। অ্যালবামটির বিক্রয়লব্ধ অর্থ বিশ্বের দেশে দেশে শরণার্থী-সমস্যা সমাধানে ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করা হচ্ছে। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ ডিভিডি প্রকাশ প্রসঙ্গে বিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের অভিমত হলো, ‘পুরো বিষয়টি আমার জন্য অন্য রকম এক অভিজ্ঞতা। আমার দীর্ঘ জীবনে যত অনুষ্ঠান করেছি, এটি সেসবের মধ্যে সর্বাপেক্ষা উজ্জ্বল ও ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। যে অনুষ্ঠান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনে কার্যকর ভূমিকা পালন করেছে।’নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সেদিনের সংগীতসন্ধ্যায় যুদ্ধবিরোধী আন্দোলনের নেত্রী হিসেবে পরিচিত কণ্ঠশিল্পী জোয়ান বায়েজ অংশ নিতে পারেননি। সেদিন তাঁর অন্য একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল। ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিরুদ্ধে সাহসী ও প্রতিবাদী ভূমিকার জন্য জোয়ান বায়েজ ষাট ও সত্তরের দশকে বিশ্বব্যাপী সবিশেষ পরিচিতি লাভ করেন। মানবতাবাদী এই শিল্পী বব ডিলান ও জর্জ হ্যারিসনের সঙ্গে সেই সন্ধ্যার অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও পাকিস্তানি সেনাবাহিনীর নিদারুণ হত্যাযজ্ঞ নিয়ে লিখেছিলেন এক হূদয় নিংড়ানো সংগীতালেখ্য। গানের কয়েকটি রচনা এ রকম: ‘বাংলাদেশ, বাংলাদেশ/ অস্তাচলে যেখানে দিন শেষ/ লাখো প্রাণের রক্তে রাঙা দেশ.../ সবাই এসো, দাঁড়াও হাতে হাত/ মরছে দ্যাখো মানুষ দিনরাত/ কিশোরী মা’র দুচোখ ভেসে যায়/ শিশুটি তাঁর ধুঁকছে অসহায়/ বৃষ্টি আর ভীষণ কলেরায়।’‘বাংলাদেশ’ গানটির সুরকার ছিলেন জোয়ান বায়েজ নিজেই। গানটি গেয়েছেনও তিনি। বাংলাদেশের স্বাধীনতার এক বছর পর জোয়ান বায়েজের ‘বাংলাদেশ’ গানটি প্রথম শোনার সেই অভিভূত মুহূর্তগুলোর কথা এখনো স্মৃতিতে স্পষ্ট হয়ে আছে। সেই প্রথম শোনার পর এ পর্যন্ত তিন দশক ধরে বহুবার শুনলেও অবিস্মরণীয় এ গানটি আজও পুরোনো হয়নি। এখনো এ গান একাত্তরের সেই দিনগুলোতে টেনে নিয়ে যায়। আমাদের মুক্তিযুদ্ধের ওপর শোনা গানগুলোর মধ্যে জোয়ান বায়েজের গানটি শ্রেষ্ঠ বলে মনে করার কারণ রয়েছে।একাত্তরের ২০ নভেম্বর সন্ধ্যা সাতটায় নিউইয়র্কে সেন্ট জর্জ চার্চে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সে সময় বিভক্ত বিশ্বের দুই প্রধান কবি যুক্তরাষ্ট্রের অ্যালেন গিন্সবার্গ ও রাশিয়ার আন্দ্রেই ভজনেসেনিস্ক প্রথমবারের মতো একই মঞ্চে কবিতা পড়েছিলেন। এ রকম একটি দৃশ্য ভাবতে এখনো আমাদের মনে শিহরণ জেগে ওঠে। তাঁদের সঙ্গে আরও ছিলেন গ্রেগরি করসো, পিটার অরলভিস্ক, কেনেথ কচ, এড স্যান্ডার্স প্রমুখ কবি। এই কবিতাপাঠের অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘আমেরিকানস ফর বাংলাদেশ’। তারা বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও অর্থ সংগ্রহের কাজ করেছে।এভাবে বাংলাদেশের নয় মাসের মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবস্থান নিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতনামা সৃজনশীল মানুষ। কত দিন ভেবেছি, বন্ধুরা আলোচনাও করেছি, বিশ্বসেরা মহৎ এসব লেখক-শিল্পীকে যদি বাংলাদেশে আমন্ত্রণ জানানো হতো, যদি তাঁদের নিয়ে ঢাকা স্টেডিয়ামে একটি অনুষ্ঠান করা যেত! সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সামনে যদি তাঁদের সংবর্ধনা দেওয়া যেত! মনে মনে এমন একটি দৃশ্যের কথা বহুদিন ভেবেছি, স্বাধীনতার পর ঢাকা স্টেডিয়াম বা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল কোনো মঞ্চে পণ্ডিত রবিশঙ্কর, লতা মুঙ্গেশকর, বব ডিলান, হেমন্ত মুখোপাধ্যায়, জর্জ হ্যারিসন, সুচিত্রা মিত্র ও ভূপেন হাজারিকা উপস্থিত হয়ে কথা আর সুরের ঐশ্বর্যমণ্ডিত ভুবন রচনা করে তুলছেন। এমন দৃশ্য কল্পনা করেও বহুবার আবেগ-বিহ্বল হয়ে পড়েছি।বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতাসংগ্রামের সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক সংহতির পাশাপাশি মুক্তিযুদ্ধে বিদেশি স্বজনদের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁদের সহমর্মিতা ও ভালোবাসা বাংলাদেশের লেখক, শিল্পী, কবি, গায়কদের লড়াইকে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে। তাঁদের কথা আমাদের পক্ষে কোনো দিন ভুলে যাওয়া সম্ভব নয়। তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।