মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে দেলোয়ারের প্রশ্ন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তিনি ভারতের নাম উল্লেখ করেননি। পরোক্ষভাবে তিনি বলেছেন, ‘একটি আঞ্চলিক পরাশক্তি আমাদেরকে সাহায্য করেছিল। আমাকে সাহায্য করেছেন, কিন্তু নজরটা তো আমার পরিবারের অন্য সদস্যের দিকে ছিল। কী উদ্দেশ্যে ওনারা আমাদেরকে সে সময় সাহায্য করেছেন?’আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত ‘সংবাদপত্রের স্বাধীনতা: সাংবাদিকের নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তাদের একটি বড় অংশ ভারত ও বর্তমান সরকারের ঢালাও সমালোচনা করেন। তাঁরা দাবি করেন, জনগণ বর্তমান সরকারের পাশে নেই। এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে জনগণ আন্দোলন চায়।’ তাঁরা আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা করেন।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘একাত্তরের সালের ১৬ ডিসেম্বর থেকে ২০১০ সাল পর্যন্ত তাদের (ভারত) যে আচরণ দেখেছি, তা সুখকর নয়। এখানে যদি তাদের জন্য রেললাইন বসে, তাদের জাহাজ যদি এখানে অবাধে চলে, তাদের কাছ থেকে যদি বিদ্যুত্ ভাড়া করে আনতে হয়, তাহলে এর প্রতিক্রিয়া কী হতে পারে? এখন তারা যে অক্টোপাসের মতো আমাদের ঘিরে ধরছে, তা থেকে বের হব কেমনে? দেশের সমূহ বিপদ হয়ে যাবে। দেশের অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে।’আলোচনা সভায় অনেক বক্তাই বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন কর্মসূচি দেওয়ার দাবি জানান। জবাবে খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে। গত ৯ জুন আমাদের কর্মসূচি (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অবস্থান) সফল হয়েছে। আগামী ২০ তারিখের কর্মসূচি ও ২৭ তারিখের হরতাল সফল করতে হবে। আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ হরতাল করতে চাই। কেউ বাধা দিলে, শক্তি প্রয়োগ করতে চাইলে আরও কর্মসূচি আসবে। সে ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।’বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘আওয়ামী লীগ কি কোনো সময় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেছে? কোনো দিনই করেনি। তবে শুধু সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমি উদ্বিগ্ন নই। দেশের স্বাধীনতা আজ এই সরকারের হাতে নিরাপদ কি না, তা নিয়ে আমরা চিন্তিত। প্রধানমন্ত্রী সফরে গিয়ে ভারতকে দুই হাত ভরে দিয়েছেন, কিন্তু আমাদের যা পাওয়ার ছিল, তার কিছুই আনতে পারেননি।’জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য আমরা সরকারকে সময় দিয়েছি। কিন্তু তারা তা আমলে নেয়নি। ২৭ তারিখ হরতাল ঘোষণা করা হয়েছে। এই আন্দোলন সম্প্রসারিত হবে এবং তার লক্ষ্যে পৌঁছে যাবে। এই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে তারপর আমরা ঘরে ফিরে যাব।’সভায় মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খান, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কবীর মুরাদ, জামায়াতের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।