মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে জামায়াতের সন্দেহ
মুক্তিযুদ্ধের সময় শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের বিরোধী ও পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী।আজ বুধবার বিকেলে ঈদ পুনর্মিলনী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ সন্দেহ প্রকাশ করেন।এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘৩০ লাখ লোক শহীদ হয়েছেন বলা হয়। এর জন্য কি শুধুই নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লাসহ ছয়জন লোক দায়ী? আপনারা এই ৩০ লাখ শহীদের নাম প্রকাশ করুন। বাংলাদেশের মানুষ জানতে চায়, কারা কারা এ দেশের জন্য জীবন দিয়েছেন। আপনারা নাম প্রকাশ করার জন্য প্রকল্প গ্রহণ করুন। এ জন্য টাকা লাগলে আমরা জোগাড় করে দেব।’মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালের তদন্ত দল সম্প্রতি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত করতে পিরোজপুর গেছেন। একটি পত্রিকায় এ নিয়ে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে ২৯ হাজার ৯০৬ জনকে হত্যা করা হয়েছে। এই তথ্য প্রকাশ করায় এ টি এম আজহার ওই পত্রিকাটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।আজহারুল ইসলাম বলেন, ‘যাঁরা ট্রাইব্যুনালে আছেন, তাঁরা কখন, কোন দল করেছেন, তা আমাদের জানা আছে। আমরা সময়মতো তা প্রকাশ করব। আমাদের বিরুদ্ধে দলের লোকদের ট্রাইব্যুনালে বসিয়ে ন্যায়বিচার করা যাবে না। ২০০১ সালে নির্বাচনের আগে মতিউর রহমান নিজামীর নির্বাচনী এলাকায় একটি গণকবর থেকে ৩০০ মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়। তখন নিজামীকে এই হত্যার সঙ্গে জড়িত করে বক্তব্য দেওয়া হয়। অথচ সেই কেন্দ্রে নিজামী বেশি ভোট পেয়েছিলেন। পত্রিকার পাতা খুললে নিজামীকে অপরাধী মনে হয়। তবে জনগণের কাছে তিনি অপরাধী নন।’এ সময় ঢাকা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য নূরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।