
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামকে গতকাল সোমবার ষষ্ঠ দিনের মতো জেরা করেছে আসামিপক্ষ। জেরায় আসামিপক্ষের আইনজীবী মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের তালিকা আছে কি না, জানতে চাইলে রাষ্ট্রপক্ষ জোরালো বিরোধিতা করে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।
জেরায় আহসানুল হক তদন্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ যে শহীদ হলো, তার কোনো তালিকা আছে?’ এ প্রশ্নের জোরালো বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ বলেন, ‘এটা কোন ধরনের প্রশ্ন? উনি কীভাবে এ প্রশ্ন করেন? উনি তো মনে হয় বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন না। এটা আদালত, ঠাট্টা-তামাশার জায়গা নয়।’
এরপর আহসানুল হক প্রশ্ন করেন, একাত্তরে চট্টগ্রামের কোতোয়ালি, হাটহাজারী, পাঁচলাইশ, রাউজান ও বোয়ালখালী থানায় কতজন মারা গিয়েছিলেন, তার কোনো তালিকা আছে? জবাবে নুরুল ইসলাম বলেন, তিনি চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি তালিকা সংগ্রহ করেছেন, তবে তা পূর্ণাঙ্গ নয়। ওই তালিকা তিনি জব্দ করেননি, নথিতে সংযুক্ত করেছেন।
জেরায় কয়েকটি প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, পাকিস্তানি সেনাবাহিনী একাত্তরে দখলদার বাহিনীর ভূমিকা নিয়েছিল। সেনা-বাহিনীর বিষয়ে তিনি কোনো তদন্ত করেননি, এ জন্য সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সম্পর্কে তিনি বলতে পারবেন না। একাত্তরের ২ আগস্ট রাজাকার অধ্যাদেশ জারির মাধ্যমে আনসার বাহিনীর বিলুপ্তি ঘটে।
সাকা চৌধুরীর শিক্ষাগত যোগ্যতার বিষয়েও নুরুল ইসলামকে জেরা করে আসামিপক্ষ। বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত সাকা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও সমাজবিজ্ঞান বিষয়ে সাবসিডিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি না, তা জানা নেই।
আহসানুল হক মত (সাজেশন) দেন, সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বদলি সনদ নিয়ে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে অক্টোবর মাসে স্নাতক শ্রেণীর লেখাপড়া শেষ করেন। তদন্ত কর্মকর্তা বলেন, এটা সত্য নয়।
জেরায় আরেক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে গঠিত ৯, ১৩, ১৫, ১৬, ২১ ও ২২ নম্বর অভিযোগের বিষয়ে কেউ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেননি। ওই অভিযোগগুলোতে তালিকাভুক্ত সাক্ষীদের কাছে সমন গিয়েছিল, তবে তাঁর (তদন্ত কর্মকর্তা) সাক্ষ্য শুরু হওয়ায় রাষ্ট্রপক্ষ তাঁদের ট্রাইব্যুনালে আনেনি। আহসানুল হক মত দেন, অসৎ উদ্দেশ্যে ওই সাক্ষীদের ট্রাইব্যুনালে আনা হয়নি। তদন্ত কর্মকর্তা বলেন, এটা সত্য নয়।
মধ্যাহ্ন বিরতির পর কার্যক্রম শুরু হলে শারীরিক অসুস্থতার জন্য জেরা মুলতবির আরজি জানান আহসানুল হক। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।