মুক্তিযুদ্ধের ইতিহাসে নারী
মুক্তিযুদ্ধে নারীর অবদানের বিষয়টি এলেই বীরাঙ্গনা নারীদের কথা বারবার চলেআসে সামনে।এই বীর নারীদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। কিন্তু যে মা তাঁর বুকছেঁড়া ধনকে যুদ্ধে পাঠিয়ে সন্তানহারা হলেন, যুদ্ধে গেছেন এমন স্বামীরযে স্ত্রী নয়মাস ছোট ছোট সন্তানকে নিয়ে দৌড়ে পালিয়েছেন এ গ্রাম থেকে ও গ্রাম,যে বোন মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রেখেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে—তাঁদের কথা ইতিহাসে জায়গা পায় কতটুকু? গোটা মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীর স্থানই বা কতটুকু—এ নিয়ে গবেষণা হচ্ছে কি?অনুসন্ধানমূলক কাজ করা উচিতঅধ্যাপক সালাহ্উদ্দিন আহমেদচেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টমুক্তিযুদ্ধে নারীর অবদান নিয়ে আমাদের গবেষণা রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১-নারী নামক তিন খণ্ডের একটি প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের সাক্ষাত্কারমূলক গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছি। সেই সময় নারীর ভূমিকা নিয়ে নতুন প্রজন্মকে জানানোর জন্য উদ্যোগী হয়ে আমরা এ কাজটি করি। শুধু মুক্তিযুদ্ধ নয়, দেশের সব গণআন্দোলনে নারীর ভূমিকা ছিল। সব সময়ই নারী প্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। সব সফলতার পেছনে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ থাকে। মুক্তিযুদ্ধেও ছিল। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক হওয়ায় নারীর কথা সেভাবে ওঠে আসেনি। মনে করা হয়েছে, তারা তো ছিল-ই। এটি আলাদা করে বলার কোনো দরকার নেই। আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই, তাঁদের সমান অংশগ্রহণ, সহায়তার কথা তুলে ধরা হোক। কিন্তু আলাদা করে নয়। এতে করে নারীর স্বাধীনতা আসবে না। তবে তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেসব অনুপ্রেরণাদানকারী নারীদের নিয়ে আরও অনুসন্ধানমূলক গবেষণা করা উচিত। এর জন্য যাঁরা ব্যক্তিগতভাবে কাজ করেন তাঁদের বেশি উদ্যোগী হতে হবে। তবে রাষ্ট্রের দায়িত্ব এর জন্য সার্বিক সহায়তা করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গবেষণাধর্মী একটি বই লিখেছে। তাঁর বইয়ের নাম মুক্তিযুদ্ধে নারী। এটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়েছে। বইটি অনেক তথ্যবহুল। এতে নারীর নানা রকম ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। তবে নারী কোনো অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কি না, তা রাষ্ট্রকে লক্ষ রাখতে হবে। ইতিহাসে নারীর নীরব অবদান অম্লান থাকুকহামিদা হোসেনসভাপতি আইন ও সালিশ কেন্দ্রআমরা যখন মুক্তিযুদ্ধের কথা বলি, তখন নারীমাত্রই বোঝাই বীরাঙ্গনাদের কথা। বলি, লাখো লাখো নারীর লাঞ্ছনার বিনিময়ে পেয়েছি স্বাধীন দেশ। কিন্তু সরাসরি যুদ্ধে যোগদান না করেও প্রতিমুহূর্তে আমাদের নারীরা নীরবে রেখে গেছেন অবদান। তাঁরা ঘরে থেকে ভাই-স্বামী-ছেলেদের যুদ্ধে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে তাঁরা রেখেছেন সাহসী ভূমিকা। কিন্তু তাঁদের নীরব এই অবদানের কথা, ঘটনা কখনো কারও তেমন জানা হয়নি। টুকরো টুকরো সাহসী জীবনের গল্পগুলো একত্রে আসেনি। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত নারীর একাত্তর বইটি ছাপা হয়েছে। আমরা দেখেছি, নারীরা তাঁদের কথা বলতে চান। জনসাধারণকে সঠিক ইতিহাস তাঁরা জানাতে চান। সুতরাং এটা নিয়ে গবেষণা কিংবা কোনো প্রকাশনা বের করা সহজসাধ্য হবে। যার ফলে নীরবে মুক্তিযুদ্ধে নারীরা যে অবদান রেখে গেছেন, তা সবাই জানতে পারবে। ইতিহাসেও এটি অম্লান থাকবে।আরও নাটক, মঞ্চনাটক ও চলচ্চিত্র নির্মাণ হওয়া উচিতসারা যাকেরমুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টের সদস্য‘মুক্তিযুদ্ধভিত্তিক অনেক নাটক, চলচ্চিত্র ও মঞ্চনাটকে আমি অভিনয় করেছি। শিলালিপি নাটকে শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ভূমিকায়, শামীম আকতারের ইতিহাসকন্যা টেলিফিল্মেও অভিনয় করেছিলাম। ইতিহাস কন্যায় চরিত্রটি ছিল একজন পাকিস্তানি নারীর। যিনি গবেষণার জন্য বাংলাদেশে আসেন। বাঙালি একটি পরিবারে থাকা শুরু করেন তিনি। সেই পরিবারের যে মেয়েটি আমাকে সাহায্য করে, টেলিফিল্মে একসময় দেখা যায় সে যুদ্ধশিশু। ১৯৯১ সালের দিকে মঞ্চনাটক মুখোশ ছাড়াও জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি ও সৈয়দ শামসুল হকের নুরলদিন-এর মিশ্রণে একটি শ্রুতি নাটক হয়েছিল। সেখানেও কাজ করেছিলাম। মুখোশ ও শ্রুতি নাটকটির নির্দেশনা আমি দিয়েছি। কিন্তু নারীর সেই বিশাল অংশের অবদান সেভাবে উঠে আসেনি। তাঁদের নিয়ে কাজ করার কথা ভেবেছি। কিন্তু পরিকল্পনা করা হয়নি। বিজয়গাথার মতো করে নতুন প্রজন্মের সামনে এসব গল্পকে তুলে ধরতে হবে। আমাদেরও এমন গল্প নিয়ে কাজ করতে হবে। রাষ্ট্রেরও এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল। যেমন আমাদের নিজস্ব উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি হয়। রাষ্ট্রের পক্ষ থেকেও সহায়তা পেয়েছি। তারা আমাদের কাজকে স্বীকৃতি দিয়েছে। তেমন করে শুধু বীরাঙ্গনা বা নারী মুক্তিযোদ্ধাদের কথাই নয়, সব মানুষের সমান অংশগ্রহণের বিষয়টিও স্বীকৃতি দেওয়া উচিত। তাহলে সেসব নারীর ভূমিকার কথাও উঠে আসবে, যাঁরা জীবনের সঙ্গে যুদ্ধ করেছিলেন—পরিবারের জন্য, দেশের জন্য ও নিজের জন্য। এটি আমাদের সবার ব্যর্থতা যে তাঁদের নিয়ে কেন তেমন কাজ করা হয়নি। এখনো সময় আছে, নতুন প্রজন্মের জন্য হলেও রাষ্ট্রকে এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। কাজ শুরু করতে হবে। এটি নিয়ে গবেষণা হওয়া উচিত। আরও নাটক, মঞ্চনাটক ও চলচ্চিত্র নির্মাণ হওয়া উচিত নারীর ভূমিকা নিয়ে। আমি মনে করি, এ সরকার যখন নারী বিষয়ে এত সচেতন, নিশ্চয় তারা তাদের না বলা অনেক কথা তুলে আনবে।’নারীর বহুমুখী ভূমিকা তুলে ধরতে হবেশাহীন আখতারকথাসাহিত্যিকমুক্তিযুদ্ধে নারীর অবদান সব ক্ষেত্রেই উপেক্ষিত—তিনি যোদ্ধা নারীই হন আর বীরাঙ্গনাই হন। বিশেষ বিশেষ দিবসে শিয়াল-কুমিরের গল্পের কুমিরছানার মতো এক-দুটি মুখ গর্ত থেকে তুলে দেখানো হয়। তাতে নারীর অবদান স্বীকৃতি পেয়ে যাচ্ছে ভাবলে, মা কুমিরের মতোই বোকা বনে যেতে হবে। আমরা বীরাঙ্গনা নারীদের কথা যদি ধরি, ইজ্জত খোয়ানোর নিরিখে তাঁদের অবদান মাপা হয়। শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা গ্রাহ্যই করা হয় না। এ ত্যাগের কোনো মহিমা নেই।মুক্তিযুদ্ধে নারীরা অনেক সাহসী কাজ করেছেন। যুদ্ধের দিন, বিপদ কোন দিক দিয়ে আসে কেউ জানে না। তার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য টাকা তোলা, সোয়েটার বোনা, খাবার-আশ্রয়ের সংস্থান করা, অস্ত্র লুকানো, খবর আদান-প্রদান, লিফলেট বিলি—এমন সব অসীম সাহসের কাজ নারীরা নয় মাস ধরে করেছেন। পুরুষের অবর্তমানে সংসারের জোয়াল টেনেছেন অনেকে। আর দশটা ঘরকন্নার কাজের মতো সেসবের মূল্যায়ন হয়নি। আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসে নারীকে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে সামান্যই। নারীর বহুমুখী ভূমিকা তুলে ধরতে হলে, নারীর অভিজ্ঞতার বয়ান লিপিবদ্ধ করার বিকল্প নেই। এভাবে খালি পাতা ভরাট করা শুরু করা যায়। সেটি মূলধারার ইতিহাস হয়তো হবে না, হবে মুক্তিযুদ্ধে নারীর ইতিহাস।