মুক্তিযুদ্ধের কলমবন্ধু মুস্তফা সিরাজ আর নেই
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কলমবন্ধু এবং প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে তিনি কলকাতার একটি নার্সিংহোমে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। গত ৩০ আগস্ট অসুস্থতার কারণে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। মৃত্যুকালে মুস্তফা সিরাজ স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। কাল বুধবার গ্রামের বাড়ি মুর্শিদাবাদের খোশবাসপুরে তাঁর মরদেহ দাফন করা হবে। তাঁর মরদেহ কলকাতার পিস হ্যাভেনে রাখা হবে। মুস্তফা সিরাজের জন্ম ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খোশবাসপুরে। তাঁর প্রথম উপন্যাস নীল ঘরের নটি প্রকাশিত হয় ১৯৬৬ সালে। মুস্তফা সিরাজ সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি দীর্ঘ ২৫ বছর কাজ করেছেন আনন্দবাজার পত্রিকায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি আনন্দবাজার-এ কর্মরত ছিলেন। ১৯৬৮ সাল থেকে বাংলাদেশের আন্দোলন নিয়ে আকাশবাণীতে তিনি বহু কথিকা পড়েছেন। অলীক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। উপন্যাসটি ভারতের ১৮টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। সৈয়দ মুস্তফা সিরাজ ১৫০টি উপন্যাস এবং ৩০০-র বেশি ছোটগল্প লিখেছেন। তাঁর উপন্যাসের মধ্যে তৃণভূমি, কিংবদন্তির নায়ক, উত্তর জাহ্নবী, অলীক মানুষ উল্লেখযোগ্য। মুস্তফা সিরাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতাজুড়ে। কলকাতার কবি, সাহিত্যিক, সাংবাদিকেরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।