মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিল জোট সরকার: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে জোট সরকারের আমলে অমুক্তিযোদ্ধাদের দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ করা হয়েছিল।আজ মঙ্গলবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, তখন অনেককে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এমন অনেককে তালিকাভুক্ত করা হয় যাদের জন্মই একাত্তরে হয়নি। পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন সম্ভব নয়। আমরা টাকা, চাকরি বা চাকরির মেয়াদ বাড়ানোর জন্য মুক্তিযুদ্ধ করিনি। তার পরও এ সরকার মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে।’ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম। মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হেলাল মোরশেদ খান এতে সভাপতিত্ব করেন।