মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার শপথ
মাঠজুড়ে কেবলই লাল-সবুজ। জাতীয় পতাকার রঙে সাজানো আয়োজন। মুক্তির উত্সব। অংশ নিয়েছে হাজার হাজার শিক্ষার্থী। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযোদ্ধাদের কখনো ভুলে না যাওয়ার শপথ নিয়েছে তারা। একই সঙ্গে শপথ নিয়েছে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার। শপথবাক্য পাঠ করে মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীকের সঙ্গে শিক্ষার্থীরা উচ্চকণ্ঠে স্লোগান দিয়েছে ‘জয় বাংলা’।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাকেন্দ্র মাঠে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ‘মুক্তির উত্সব ২০১০’। মুক্তিযুদ্ধ জাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে। উত্সবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি ও দেশের গানে মুখরিত হয়ে ওঠে উত্সব প্রাঙ্গণ। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাকেন্দ্র মাঠে দলে দলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হতে থাকে। সবার মাথায় ছিল লাল-সবুজ রঙের টুপি। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উত্সব। উত্সবে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান তারামন বিবি। শিক্ষার্থীরা সবার সমান অধিকার নিশ্চিত ও যোগ্য নাগরিক হওয়ারও শপথ নেয়। শপথ শেষে তারামন বিবি বলেন, ‘শত্রুর হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছি। এখন দেশকে রক্ষা করতে হবে তোমাদের।’ তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে যুদ্ধাপরাধের বিচারের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সপ্তাহের ভেতরে যুদ্ধাপরাধের অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় তদন্তের কাজ শুরু হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইতিমধ্যে আমরা আদালত স্থাপনের কাজ শেষ করেছি এবং এক সপ্তাহের মধ্যেই তদন্তকারী সংস্থা, প্রসিকিউটর এবং বিচারক নিয়োগসংক্রান্ত কাজ শেষ হবে।’ অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের বলেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে ভালোবাসতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে হবে। একই সঙ্গে বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, সারা জীবনে মাতৃভূমির জন্য অন্তত একটা বড় কাজ করার শপথ নেবে। এই দেশ একদিন পৃথিবীসেরা হবে তোমাদের জন্য। সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বলেন, সময় এসেছে যুদ্ধাপরাধীদের চিহ্নিত করার। তাদের চিহ্নিত করে সমাজ থেকে বহিষ্কার করতে হবে। নতুন প্রজন্মকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণের প্রাথমিক প্রস্তুতি চলছে। এর জন্য বিপুল অর্থ প্রয়োজন। আমরা চাই, তোমাদের সহযোগিতায় গড়ে উঠবে এ জাদুঘর। নবীন প্রজন্মই গড়বে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর।’ তিনি আরও বলেন, আশা করি, এ ব্যাপারে আর্থিক সহযোগিতায় তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ‘প্রতীকী ইট ক্রয়ে’ এগিয়ে আসবে। সে ইটে খোদিত থাকবে সে শিক্ষাপ্রতিষ্ঠান, বর্ষ বা শ্রেণীর পরিচয়। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সংগঠন লিভিং লিজেন্ড ও মাইলস্টোন কলেজ ‘প্রতীকী ইট ক্রয়ের’ মাধ্যমে জাদুঘরের ভবন নির্মাণে সহযোগিতা করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আলী যাকের, সারওয়ার আলী, আক্কু চৌধুরী প্রমুখ। আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফেরদৌস আরা ও বাপ্পা মজুমদার। এ ছাড়া ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।