মুক্তিযুদ্ধের চেতনা: বহে নিরন্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তনদী পেরিয়ে বাংলাদেশের মানুষ উপনীত হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে, রক্তসমুদ্র মন্থন করে সেই লড়াইয়ে অর্জিত হয়েছিল বিজয়। যেমন নিবিড় ও কঠিন তার কষ্টভোগ, তেমনি বিশাল এর আত্মদান। অকাতরে উৎসর্গিত হয়েছে কত প্রাণ, ফুৎকারে নিভে গেছে কত অগণন মানুষের জীবনের সব আলো, কত পরিবার হয়ে গেছে ছারখার—সেসব মিলিয়েই তো মুক্তিযুদ্ধ। প্রবল ক্ষমতাবান সামরিক শক্তির বিরুদ্ধে যৎসামান্য অস্ত্র হাতে লড়াই করেছিল বাংলার মানুষ, এই লড়াই কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণী বা অঞ্চলে সীমিত ছিল না, সাড়ে সাত কোটি মানুষের দেশে ধর্মান্ধ বিভ্রান্ত মানবতাবর্জিত রাজনীতির মুষ্টিমেয় কতক অনুসারী ছাড়া আর সব মানুষই ছিল এককাট্টা, এক অভিন্ন চেতনায় সংহত, যে চেতনাকে খুব বড়ভাবে আমরা বলতে পারি জাতীয় মুক্তির চেতনা। কিন্তু অগণিত মানুষ তো বহন করে কত শত ভিন্নতা, অন্যতর কত বিচিত্র জীবন দৃষ্টিভঙ্গি। তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্নেরও রয়েছে কত না রকমফের, তার পরও তো তারা একত্র হয়েছিল সমভাবনা, সমচেতনা ও সমলক্ষ্য দ্বারা। এই ভাবনা ও চেতনার স্বরূপ অনুধাবনের মধ্য দিয়ে আমরা পরিচয় পেতে পারি মুক্তিযুদ্ধের ভাবাদর্শের। আর মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ভূমিকা ও সম্পৃক্ততার মধ্যে খুঁজে পেতে পারি সেই চেতনার প্রতিফলন। এর রয়েছে একটি সরল দিক—মূল স্লোগান, ভাষণ, বক্তব্য বা দলিলপত্রে আমরা যার প্রতিফলন দেখতে পাই। আবার এর এক জটিল দিকও রয়েছে, গভীরভাবে দেখতে গেলে আমরা ক্রমাগত আরও নানা প্রশ্নের সম্মুখীন হই, থই খুঁজে পাওয়া হয়ে ওঠে মুশকিল।মুক্তিযুদ্ধে সম্পৃক্ত বিভিন্ন জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা ও ভূমিকা পালনের যথাযথ বিশ্লেষণ ও স্বীকৃতি কি অমন সহজে সম্পাদিত হতে পারে! অংশীদারি যদি বা থাকে সবার, স্বীকৃতির পরিসরে তো সবার প্রবেশাধিকার সমভাবে কার্যকর হয় না। সমাজে যারা অস্বীকৃতির শিকার, যাদের অবস্থান প্রান্তিকতায়, তারা হয়তো যুদ্ধকালে উঠে আসে সম্মুখ কাতারে, যুদ্ধ শেষে তারা কি আবার ফিরে যায় না, কিংবা তাদের কি আবার ঠেলে দেওয়া হয় না পেছনের কাতারে। সমাজে স্বাভাবিকভাবে যাদের অধস্তন কিংবা অস্বীকৃত অবস্থান, তাদের ভূমিকা তো সমভাবে কীর্তিত হওয়ার নয়। মুক্তিযুদ্ধকালে বাঙালি নারী হয়েছিল পাকিস্তানি বাহিনীর আক্রমণের বিশেষ শিকার, কতভাবে কত অগণন নারী নির্যাতিত হয়েছিল তার পরিমাপ করাও দুঃসাধ্য। সাধারণভাবে কিংবা সংখ্যা দিয়ে এর হদিস খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই প্রয়াস সমাজ কতটা কীভাবে করতে পেরেছে বা চেয়েছে, সেটাও এক জিজ্ঞাসা বটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত নারীদের বলেছিলেন ‘বীরাঙ্গনা’, তাঁদের দিতে চেয়েছিলেন জাতীয় বীরের মর্যাদা। কিন্তু স্বাধীনতা-উত্তর সমাজ কি তাঁদের সেই মর্যাদাদানে প্রস্তুত ছিল? সুফিয়া কামাল, নীলিমা ইব্রাহীম প্রমুখ নেত্রীর সংবেদনশীল প্রয়াসের সঙ্গে একাত্ম হয়ে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন নারী পুনর্বাসন বোর্ড, পঁচাত্তর-পরবর্তী সময়ে যার ঘটে বিলুপ্তি, প্রায় নীরবে, কোনো প্রতিবাদ-প্রতিরোধ ছাড়াই। আমরা যদি দেখি আমাদের যুদ্ধ-বীরদের, তবে সেই তালিকায় নারীদের বিশেষ খুঁজে পাওয়া যায় না, এমনকি বীর হিসেবে অভিষিক্ত এক নারীর হদিসও সমাজ হারিয়ে ফেলেছিল, হারিয়ে যে ফেলেছিল সেই বোধও সমাজে তেমনভাবে সঞ্চারিত ছিল না। অনেক অনেক পরে প্রান্তিক এক শিক্ষক-গবেষকের সুবাদে বীর প্রতীক তারামন বিবি হাজির হয়েছিলেন পাদপ্রদীপের সামনে, ঘটনাটি নিছক হারিয়ে যাওয়া এক নারীর ফিরে আসা নয়, তার চেয়েও গভীর সমাজসত্যের প্রকাশ ঘটায়।মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে বাংলার মানুষের পরম ঐক্যবদ্ধ লড়াই, তবে এই ঐক্যের মধ্যে পার্থক্যের অনেক ভেদরেখাও ছিল। শ্রেণী-পেশা, শিক্ষিত-নিরক্ষর, শহর-গ্রাম, নারী-পুরুষ ইত্যাদি কত শত বিভাজন আমরা দেখতে পাই সমাজে। কিন্তু সেই সব অতিক্রম করেই তো বাঙালি এককাট্টা হয়েছিল মুক্তিযুদ্ধে। এই জাতীয় ঐক্যের অভূতপূর্ব প্রকাশ আমরা দেখি ১৯৭০ সালে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে, যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ৩০০ আসনবিশিষ্ট পাকিস্তানের ব্যবস্থাপক সভায় পূর্ব পাকিস্তানের ১৬২টি আসনের মধ্যে ১৬০টিতেই জয়লাভ করে। নির্বাচনী রায়ে এমন সার্বিক বিজয় অর্জন কেউ কখনো কল্পনাও করতে পারেনি, বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসেও এমন নজির আর নেই। এই নির্বাচন বাঙালির অধিকার অর্জনের রাজনৈতিক আন্দোলনকে গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক বৈধতা প্রদান করেছিল, এবং এর ফলে বাঙালির মুক্তি আন্দোলনকে কখনোই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করা যায়নি। পরবর্তী রাজনৈতিক সংকটকালে জাতির এই ঐক্যকে মুক্তিযুদ্ধের চেতনায় সংহত করলেন বঙ্গবন্ধু তাঁর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হওয়ার যে আহ্বান, সেটা কেবল আগ্নেয়াস্ত্র হাতে লড়াইয়ের ডাক ছিল না। সব মানুষের অন্তরে তিনি এমন এক আবেদন পৌঁছে দিয়েছিলেন যে প্রত্যেকে অনুভব করতে পারে এই সংগ্রামের সঙ্গে তার সম্পৃক্ততা, খুঁজে নিতে পারে আপন দায়িত্ব ও কর্তব্য। যখন বলা হয়, যার যা কিছু আছে, তখন বোঝা যায় প্রত্যেকের কিছু না কিছু আছে, প্রত্যেকের রয়েছে কোনো না কোনো ভূমিকা। সংগ্রামের আহ্বানের এই যে ইনক্লুসিভনেস অর্থাৎ, সবাইকে বরণ করে নেওয়া, অংশীদারির সুযোগ দেওয়া, সেটাই তৈরি করে তেমন বৃহত্তর পরিসর, যা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তি।মুক্তিযুদ্ধের চেতনা তাই এমন কতক মূল অধিকারের স্বীকৃতি, যা মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা লালন করে, বৃহত্তর ও ব্যাপকতর সমাজ সংহতি রচনা করে তার বিকশিত হওয়ার পথ করে দেয়। এর কেন্দ্রে রয়েছে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চেতনা, আর পরতে পরতে মিশে আছে মানুষের বিকশিত জীবন গড়ে তোলার জন্য জরুরি সব সুযোগ ও অধিকার প্রাপ্তি। স্বপ্ন ও আকাঙ্ক্ষার বিদ্যমান ভিন্নতাকে মুছে ফেলে না মুক্তিযুদ্ধের চেতনা, বরং সেই ভিন্নতার সুরাহা করে বিকাশের পথ তৈরি হয় তার উদ্দিষ্ট। মুক্তিযুদ্ধের এই চেতনার সারাৎসার মিলবে ‘জয় বাংলা’ স্লোগানে, যা কোনো বিশেষ সম্প্রদায়, ধর্মগোষ্ঠী বা নৃগোষ্ঠীর প্রত্যয়ী অভিধা নয়, বরং মাতৃদেশের জয়গান। এসব কিছুর বিধিবদ্ধ সাংগঠনিক রূপ প্রকাশ পেয়েছিল ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে নবগঠিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পঠিত স্বাধীনতার ঘোষণায়, যেখানে লেখা হয়েছিল: ‘সার্বভৌম ক্ষমতার অধিকারী বাংলাদেশের জনগণ নির্বাচিত প্রতিনিধিদের পক্ষে যে রায় দিয়েছেন, সে মোতাবেক আমরা, নির্বাচিত প্রতিনিধিরা, আমাদের সমবায়ে গণপরিষদ গঠন করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের পবিত্র কর্তব্য বিবেচনা করে বাংলাদেশকে সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার সিদ্ধান্ত ঘোষণা করছি এবং এতদ্বারা পূর্বাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা অনুমোদন করছি।’মুক্তিযুদ্ধের এমনি চেতনার প্রতিফলন ঘটেছিল ১৯৭২ সালে প্রণীত ও গৃহীত সংবিধানে, যেখানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্রের চার মূলনীতি হিসেবে ঘোষিত হয় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের আদর্শ। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পরস্পর নিবিড়ভাবে সম্পৃক্ত। পাকিস্তানের দ্বিজাতিতত্ত্বভিত্তিক ইসলামি প্রজাতন্ত্র সব নাগরিকের সম-অধিকার মান্য করেনি, এই রাষ্ট্রে অমুসলিমদের গণ্য করা হয়েছিল দ্বিতীয় স্তরের নাগরিক হিসেবে। সাংবিধানিকভাবে তাদের ছিল না রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ, তাদের নাগরিক অধিকার স্বতঃসিদ্ধ ছিল না, সংখ্যাগরিষ্ঠরা লঘিষ্ঠজনের অধিকার মান্য করে চলার প্রতিশ্রুতি মাঝেমধ্যে ব্যক্ত করত এবং এই করুণার ওপর নির্ভর করছিল বিরাটসংখ্যক নাগরিকের অধিকার। দ্বিজাতিতত্ত্ব জাতীয় মানসে যে বিষ সঞ্চার করেছিল, তার দংশন নিষ্ঠুরতম রূপ নিয়েছিল একাত্তরে, পাকিস্তান রাষ্ট্র হয়ে উঠেছিল দানব, এবং বিশ শতকের ইতিহাসের এক নিষ্ঠুরতম গণহত্যা কেবল নয়, বৃহত্তম মুসলিম নিধনের অধ্যায় তারা রচনা করেছিল এবং এই মুসলিম নিধন ঘটেছিল মুসলিমদের দ্বারাই।পাকিস্তানের সেই সংকুচিত কলুষিত রাষ্ট্রাদর্শের বিপরীতে ছিল বাংলাদেশের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চেতনা, যা বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে অঙ্কুরিত হয়, যে ভাষার রয়েছে সর্বজনীনতা, এবং যে ভাষা জাতিচেতনায় সবার সংহত হওয়ার উপযুক্ত ভিত্তি রচনা করে। দ্বিজাতিতত্ত্বের কলুষ থেকে মুক্ত হয়ে জাতীয় চেতনার উদার পরিসরে সর্বজনের মিলিত হওয়ার পরিসর রচনার তাগিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল গণতান্ত্রিক অধিকার অর্জনের প্রশ্ন। গণতান্ত্রিক অধিকারের এই দাবি নস্যাতে পাকিস্তানের শাসকগোষ্ঠী ক্রমাগত পীড়ন-নির্যাতনের পথ বেছে নেয়, আপসরফার কোনো সুযোগ তারা রাখে না, সামরিক শাসন এবং ব্যারাকের কর্তৃত্বের রকমফের করে পীড়নমূলক রাষ্ট্রকে শক্তিশালী করার পথ তারা বেছে নেয়, যেন শক্তিশালী কেন্দ্রীয় শাসনই রক্ষা করবে পাকিস্তানকে। এর বিপরীতে গোকুলে বাড়ছিল গণতন্ত্র, জাতীয় চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী জনশক্তি। অধিকার আদায়ের সংগ্রামে ব্যাপক মানুষের সম্পৃক্তি যত বাড়ছিল, তত সেখানে যুক্ত হচ্ছিল সর্বজনের অর্থনৈতিক অধিকার অর্জনের প্রশ্ন, যা শেষাবধি প্রতিফলন খুঁজে পেয়েছিল সংবিধানে ‘সমাজতন্ত্র’ অভিধার সংযুক্তিতে।স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছাতে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছিল এ দেশের মানুষকে। এই পথপরিক্রমণই তৈরি করেছিল মুক্তিযুদ্ধের চেতনা, স্বৈরশাসনের নাগপাশ থেকে মুক্তি অর্জন করে গণতন্ত্রে উত্তরণ, ধর্মান্ধতা মোচন করে জাতিচেতনায় সংহত হয়ে ওঠা, শোষণ ও বঞ্চনামূলক সমাজকে সাম্যাদর্শে উদ্বুদ্ধ করা। চেতনার এই সংহতকরণে প্রধান উপাদান হিসেবে কাজ করেছে বাঙালির জাতিসত্তা। ‘তোমার আমার ঠিকানা—পদ্মা মেঘনা যমুনা’, পথভ্রষ্ট জনগোষ্ঠীকে আপন সত্তার পরিচয়দান করেছিল এমনি স্লোগান। এরই ধারাবাহিকতায় ‘জয় বাংলা’ স্লোগান কণ্ঠে ধারণ করে অকাতরে জীবন বিসর্জন দিয়েছে কত না তরুণ। আর তাই বেনেডিক্ট অ্যান্ডারসনের মতো উত্তর-আধুনিক চিন্তার প্রবক্তারা যখন জাতীয় চেতনাকে বায়বীয় হিসেবে বিবেচনা করেন, লেখেন জাতিসত্তা হচ্ছে ‘ইমাজিন্ড কমিউনিটি’ বা ‘কল্পিত জনগোষ্ঠী’, তখন এর বিপরীতে আমরা দেখি রক্তাক্ত ক্ষতবিক্ষত সত্তা নিয়ে বাঙালির জাতিসত্তার জাগরণ। আমাদের বুঝতে বিলম্ব হয় না, তত্ত্বের কচকচানি বাস্তব থেকে কত দূরে কত ওপরে কোন গজদন্তমিনারে সমাসীন হয়েছে। কিন্তু পণ্ডিতদের হাতে আছে কলম, কবজির জোরে তাঁরা নস্যাৎ করে দিতে চান মুক্তিচেতনা, বন্দিত হন বেনেডিক্ট অ্যান্ডারসন, স্বদেশিক বাস্তব ও স্বাদেশিক চেতনা হয় অস্বীকৃত, এমনকি স্বাদেশিক জ্ঞানসাধনাও বিশেষ কল্কে পায় না। তাই তো একান্ত উপেক্ষিত থাকে জ্ঞানতাপস অধ্যাপক আবদুর রাজ্জাকের উক্তি: ‘বাংলাদেশের মানুষ একটা জাতি, কারণ, তারা একটা জাতি হতে চায়, আর কিছু নয়। এই জাতিকে তৈরি করেছে তার অনমনীয় গর্ব, সুখে-দুঃখে আট কোটি মানুষের সঙ্গে একই পরিচয় বহন করা, অন্য কিছু নয়, শুধু বাঙালি হতে চাওয়ার জেদ। যা আমাদের একত্রে ধরে রেখেছে, পরিণত করেছে এক জাতিতে, তা হচ্ছে আমাদের শুধু এই জাতি হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার ঐকান্তিক কামনা। এটাই আমার বিশ্বাস, বঙ্গবন্ধুকে আমাদের যুগের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।’মুক্তিযুদ্ধের চেতনার তাই রয়েছে মৌল ভিত্তি, আছে এই চেতনা ঘিরে পল্লবিত হয়ে ওঠা বিচিত্রতর আশা-আকাঙ্ক্ষা, আছে চেতনার ব্যাখ্যা-বিশ্লেষণ ও উপলব্ধিতে বিভিন্নতা, আছে এর বহু ধরনের অপব্যাখ্যা। মুক্তিযুদ্ধ যেমন ছিল কঠিন-কঠোর লড়াই, পেছনে ছিল দীর্ঘ সাধনা ও অধ্যবসায়, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ও নবায়নও তেমনি কঠিন-কঠোর সাধনার বিষয়, নিরন্তর পরিচালিত এক সংগ্রাম, যা এখন রূপ নিয়েছে নির্মাণ ও বিকাশের, ব্যাপকতর মানুষের জীবনে মুক্তি অর্থবহ করে তোলার বহুমুখী আয়োজন ও প্রয়াসের। আর তাই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জন্য কোনো বিমূর্ত ধারণা নয়, অতীতের গৌরবের সঙ্গে বর্তমানের করণীয়ের তা বাস্তব সেতুবন্ধ, এই যোগসূত্র নিবিড়ভাবে ধারণ করার মধ্য দিয়ে আমরা পেতে পারি সুন্দর আগামী নির্মাণের প্রেরণা ও শক্তি। অতীতকে সে জন্য পুনরায় করে তুলতে হবে নতুন, আজকের জীবনের সঙ্গে প্রাসঙ্গিক, তবেই আমরা ফিরে পাব সেই শক্তি ও সংহতি, যা অমন অসম মুক্তিযুদ্ধে বিপুল গৌরবের বিজয় বয়ে এনেছিল জাতির জন্য। আজকের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধের পরের প্রজন্মভুক্ত, এই নবীন সমাজ মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্তির যে তাগিদ বহন করছে, তা যত শক্তিমান হবে, মুক্তিযুদ্ধের চেতনা ততই প্রতিষ্ঠা পাবে সমাজে এবং মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে জাতি পাবে পথের দিশা।মুক্তিযুদ্ধের চেতনা তাই অতীতে বহন করেছিল বিপুল তাৎপর্য, আজকের জন্য তা প্রবলভাবে প্রাসঙ্গিক, ভবিষ্যতের জন্য তা অর্থবহ। এমন সম্পদের অধিকারী জাতি শত বাধার সম্মুখেও নিশ্চয় মেনে নেবে না পরাভব। মফিদুল হক: লেখক, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি