এক যুগে পা রাখতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ এবং সীমাবদ্ধতা নিয়ে ছাপা হচ্ছে ধারাবাহিক প্রতিবেদন এ মুহূর্তে মুক্তিযুদ্ধ বিষয়ে চলমান সরকারি প্রকল্পের সংখ্যা ছয়টি। কিন্তু এগুলোর বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এ ব্যাপারে হতাশ।গত ১৫ নভেম্বর মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সভায় প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম হতাশা প্রকাশ করেন। মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার হিসাবে চলতি অর্থবছরের এডিপিতে মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে বরাদ্দ ১৬৫ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত খরচ হয়েছে মাত্র দুই কোটি ছয় লাখ টাকা।এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. আবুল কাসেম তালুকদার বলেন, প্রকল্পের অগ্রগতি কাগজে-কলমে দেখানো সম্ভব না হলেও ততটা খারাপ নয়। বছর শেষে বিলগুলো ছাড় হলে এডিপির অর্থ খরচের হার বেড়ে যাবে। সবচেয়ে পিছিয়ে থাকা সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্পটির দ্রুত বড় ধরনের অগ্রগতি হবে বলেও জানান তিনি। সম্মুখ সমরের ১৩টি স্মৃতিস্তম্ভ: প্রকল্পের আওতায় ১০ জেলার ১৩টি স্থানে সম্মুখ সমরের স্থান সংরক্ষণ ও উন্নয়ন করা হবে। এ জন্য মোট বরাদ্দ ১০ কোটি টাকা, কাজ শেষ হওয়ার সময় ২০০৮ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত।প্রকল্প কর্তৃপক্ষের দাবি, ১১টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে। কিন্তু টাঙ্গাইলের জাহাজমারায় এবং মৌলভীবাজারের শমশেরনগরে এত দিন জমি বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ। এ কারণে ১১টি কাজ মোটামুটি শেষ হলেও এ দুটির কারণে প্রকল্প শেষ হতে বেশ সময় লাগবে।জানা যায়, শমশেরনগরে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জমি পাওয়া গেলেও স্থানীয় রাজনীতিবিদেরা কমলগঞ্জে স্মৃতিস্তম্ভটি নির্মাণের দাবি জানান। কমলগঞ্জ না শমশেরনগর—সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই অন্য প্রকল্পগুলোর কাজ শেষ হয়ে গেছে। গত সেপ্টেম্বরে মন্ত্রণালয়ের পর্যালোচনা সভায় শমশেরনগরেই স্মৃতিস্তম্ভ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া এত দিন পর জাহাজমারায় জমি পেয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।প্রকল্প কর্তৃপক্ষ বলছে, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের জন্য উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে শেষ পর্যায়ে রয়েছে ফেনীর শুভপুর ও সলিয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া এবং চট্টগ্রামের কুমিরায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ। এ ছাড়া গোপালগঞ্জের ভাটিয়াপাড়া, জামালপুরের কালামপুর, কুড়িগ্রামের চিলমারী, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, দিনাজপুরের হিলি এবং খুলনার শিরোমণিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।হাকিমপুর প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম জানান, উপজেলার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের পাশে সম্মুখযুদ্ধে মিত্রবাহিনীর ৩৪৫ জন নিহত হওয়ার স্মৃতি হিসেবে নির্মিত স্তম্ভটি এখনো উদ্বোধন করা হয়নি। দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজিবর রহমান প্রথম আলোকে বলেন, চলতি বছরের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে নির্মাণকাজ শেষ হয়। সমঞ্চুখযুদ্ধের ইতিহাস তৈরি ও খোদাইয়ের কাজ না হওয়ায় এটি উদ্বোধন করা যাচ্ছে না। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, ছয় মাস আগে সমঞ্চুখ সমর স্তম্ভ নির্মাণের কাজ শেষ হলেও তা ফেলে রাখার বিষয়টি দুঃখজনক।খুলনা থেকে কাজী আবদুল্লাহ জানান, গিলেতলা সেনানিবাসের সামনে সঞ্চৃতিস্তম্ভ নির্মাণকাজ শেষ হয়নি। খুলনার গণপূর্ত বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ্ আল মাসুদ বলেন, ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই সঞ্চৃতিস্তম্ভটির মূল বেদির নির্মাণকাজ শেষের পথে। আর কয়েক মাসের মধ্যেই নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।জমি সমস্যায় ২৩টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স: অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতি জেলায় একটি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত হয়। এ প্রকল্পে বরাদ্দ আছে ১৩০ কোটি টাকা।জানা যায়, ২৩টি জেলায় এ পর্যন্ত জমি পাওয়া যায়নি। কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়েছে ১১টি জেলায় আর কমপ্লেক্স নির্মাণ হয়েছে ঝিনাইদহ, নীলফামারী ও দিনাজপুর জেলায়। বাকি কমপ্লেক্সগুলোর ছাদ ঢালাই চলছে বা দরপত্র চূড়ান্ত হয়েছে।মন্ত্রণালয়ের নভেম্বরের পর্যালোচনা সভা অনুযায়ী, চলতি অর্থবছরে প্রকল্পের আর্থিক অগ্রগতি ২৪ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৩০ শতাংশ। সংশোধিত এ প্রকল্প ২০১৪ সালের জুনে শেষ হওয়ার কথা। তবে এ সম্ভাবনা একেবারেই নেই বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা।প্রকল্প কর্তৃপক্ষ বলছে, নীলফামারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান ১১ ডিসেম্বর প্রকল্পটি ঘুরে দেখে জানান, জেলা শহরের সৈয়দপুর সড়কের পাশে নির্মাণাধীন এ স্তম্ভের কাজ পুরোপুরি শেষ হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ইমরান হোসেন বলেন, মোট কাজের ৯০ শতাংশ শেষ হয়েছে, জানুয়ারির মধ্যে বাকি কাজ শেষ হবে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আবদুল জলিল বলেন, ভবনটি চালু করা গেলে সবচেয়ে বেশি উপকৃত হবেন অসচ্ছল মুক্তিযোদ্ধারা।জটিলতায় ২৬৫টি স্মৃতিস্তম্ভ প্রকল্প: সরকারের সিদ্ধান্ত ছিল, দেশের গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি অমর করে রাখার জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় ২৬৫টি স্মৃতিস্তম্ভ নির্মাণের সংস্থান রাখা হয়। প্রথম পর্যায়ে দেশের ২৭টি জেলার ৩৫টি স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে ১৪টি স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হয়েছে। ২১টির কাজ চলছে। আগামী বছরের জুনে প্রায় ২৪ কোটি টাকার এ প্রকল্প শেষ হওয়ার কথা।মন্ত্রণালয় সূত্র জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে পরিকল্পনা কমিশনের মতবিরোধের কারণে ২৩০টি স্মৃতিস্তম্ভ নির্মাণ আটকে আছে।পরিকল্পনা কমিশন সূত্র জানায়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চাইছে, নতুন প্রকল্পের আওতায় ২৩০টি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। কিন্তু কমিশন বলছে, চলমান ২৭টি স্তম্ভ নির্মাণ করার পর সেগুলো মূল্যায়ন করে সংশোধিত প্রকল্পের আওতায় ২৩০টি স্তম্ভ নির্মাণ হোক। গত ২২ নভেম্বর প্রতিমন্ত্রী নতুন প্রকল্প গ্রহণ না করে সংশোধিত প্রকল্পটি অনুমোদনে পরিকল্পনামন্ত্রীকে অনানুষ্ঠানিক পত্র দিয়েছেন। এর পর আর কোনো অগ্রগতি হয়নি। এক ভবন প্রকল্পেও ধীরগতি: রাজধানীর গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হওয়ার কথা। প্রায় ৬৯ কোটি টাকার এ প্রকল্পের আওতায় ১৫ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। সরেজমিন দেখা যায়, এখন পর্যন্ত সাত তলার কাজ শেষ হয়েছে।বিশাল প্রকল্প, বরাদ্দ সামান্য: দেশের ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্পে মোট বরাদ্দ ২২৮ কোটি টাকা। এ বছরের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৫ সালের জুনে। প্রথম বছরে এ প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র দুই কোটি টাকা, আর অবমুক্ত হয়েছে ৫০ লাখ টাকা।প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগে ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংগ্রহ করতে হবে। এরপর প্রতি উপজেলায় ১০টি বাড়ি নির্মাণ করে দেওয়া হবে, একেকটি বাড়ির জন্য বরাদ্দ হবে ছয় লাখ টাকা।সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বরের মধ্যে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নামের তালিকা পাঠাতে সব জেলা প্রশাসককে অনুরোধ জানানো হলেও সাড়া মেলেনি।