মুক্তিযুদ্ধের নাটক ‘বৃহস্পতিবার’
মুক্তিযুদ্ধের বিজয়ের ৪০ বছর ও শব্দাবলির স্টুডিও থিয়েটারের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবের প্রথম দিনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বৃহস্পতিবার দর্শকদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের দিনগুলোতে। গত শুক্রবার বিকেলে শব্দাবলি স্টুডিও থিয়েটার চত্বরে অনুষ্ঠিত নাট্যোৎসবের উদ্বোধন শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বৃহস্পতিবার।নাটকের মূল কাহিনি পাকিস্তানি সেনা ক্যাম্প থেকে পালিয়ে আসা এক বীরাঙ্গনার জীবনচিত্র নিয়ে। রণাঙ্গনের বীর নারী সকিনা বিবির দুই সন্তান যখন জানতে পারে, তাদের মা নির্যাতিত, তখন তাঁকে দুই ভাই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি। সকিনা বিবির ঠাঁই হয় গোয়ালঘরে। মুক্তিযুদ্ধের এসব কাহিনি সকিনা বিবি তাঁর নাতিদের শোনাতেন। এই নাটকে মহান মুক্তিযুদ্ধের নয় মাসের নানা ঘটনা ও পাকিস্তানি হানাদারদের নির্যাতনের ঘটনা অনেক দর্শকেরই চোখ ভিজিয়ে দেয়। নাটক শেষে মূল গল্পকার বদরুন্নাহারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।