শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে একজন শিক্ষক নিয়োগে অনিয়ম এবং ব্যক্তিবিশেষের ভূমিকার প্রতিবাদে ওই শিক্ষক পদত্যাগের কথা বলেছেন।২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগে অন্য দুজনসহ এনামুল হক নামের এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। এনামুল ছাত্রদলের কর্মী হিসেবে আবাসিক হলে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দুটি ‘এ’ গ্রেড পাওয়া প্রার্থী থাকা সত্ত্বেও ‘এ-’ পাওয়া এনামুলকে শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গ্রুপের (মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ) কয়েকজনের কর্মকাণ্ডে আমাদের আদর্শগত মিল থাকছে না। তাঁরা ব্যক্তিস্বার্থে পরিচালিত হচ্ছেন। এসবের প্রতিবাদে আমি পদত্যাগ করেছি।’৪ জুলাই দেওয়া চিঠিতে হাসানুজ্জামান বলেন, প্রাধ্যক্ষ হিসেবে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া, কুশপুত্তলিকা দাহসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় নেতৃত্ব দেওয়া ছাত্রদলের এক নেতাকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে। ওই ছাত্রটির শিক্ষাগত যোগ্যতা এবং মেধা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।চিঠিতে বলা হয়, ‘যে মানুষগুলোকে আমি অসম্ভব শ্রদ্ধা করি এবং অহর্নিশ অনুসরণের চেষ্টা করি, তাঁদেরকে প্রশ্নের মুখে দাঁড় করানো আমাদের পক্ষে সম্ভব নয়। এমন দ্বিধাদ্বন্দ্বের দোলাচল থেকে এ মুহূর্তে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদের গুরুদায়িত্ব বহনে সক্ষম নই বিবেচনায় পদত্যাগে বাধ্য হচ্ছি।’ এই নিয়োগ প্রসঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘সিন্ডিকেট বৈঠকের আগে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধানও এই নিয়োগ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।