মুক্তিযুদ্ধের প্রকল্প চলছে ঢিমেতালে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহূত বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের। অথচ নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিল, ‘সারা দেশে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদদের নাম-পরিচয় সংগ্রহ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।’ প্রকল্পটি পরিকল্পনা কমিশন থেকে কয়েক দফা ফেরত আসার পর এখন অর্থ মন্ত্রণালয়ের জনবল কমিটিতে পাঠানো হয়েছে। অথচ গত জানুয়ারিতে প্রকল্পটি শুরু হওয়ার কথা ছিল। যদিও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চিহ্নিত করা হয়েছিল ১৬৭টি বধ্যভূমি। সংরক্ষণের কথা বলা হলেও এসব বধ্যভূমি একের পর এক বেদখল হয়ে গেছে। অনেকগুলোতে গড়ে উঠেছে ব্যক্তিগত স্থাপনা। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির হিসাবে দেশে বধ্যভূমি পাঁচ হাজারের বেশি। ঢাকায় বধ্যভূমি ৭০টি। রায়েরবাজার, জল্লাদখানাসহ গুটিকয়েক বধ্যভূমি সরকারসহ সচেতন নাগরিকদের নজরে রয়েছে, কিন্তু অধিকাংশই ইট-পাথরের নিচে চাপা পড়েছে অথবা বেদখল হয়ে গেছে। সূত্র জানায়, গত নয় মাসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত সাত প্রকল্পে বরাদ্দ করা অর্থের মাত্র ১৩ দশমিক ২৮ শতাংশ ব্যয় হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জমি না পাওয়া, দরপত্রের প্রক্রিয়া শেষ হতে বিলম্ব এবং আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পগুলো সুষ্ঠুভাবে এগোচ্ছে না। এ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পে বরাদ্দ আছে প্রায় ২০০ কোটি টাকা। এর মধ্যে ৬৯ কোটি টাকা অবমুক্ত হলেও গত ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ২৬ কোটি টাকা।গত বছরের জুন থেকে প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ বছর জুন চলে এলেও প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদনই হয়নি। একই অবস্থা ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আশ্রায়ণ প্রকল্পের। এটিও গত জুন থেকে শুরুর কথা থাকলেও তা এখন পর্যন্ত একেনেক অনুমোদন করেনি। মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ প্রকল্পের অবস্থাও খারাপ। চলতি অর্থবছরে ওই প্রকল্পের জন্য বরাদ্দ হয় ১২০ কোটি টাকা। অবমুক্ত হয়েছে ৩০ কোটি টাকা, আর ব্যায় হয়েছে মাত্র তিন কোটি টাকা। জানা যায়, এই প্রকল্পের আওতায় যে শিখা চিরন্তন নির্মাণ করা হয়েছিল, সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেননি। সেটি ভেঙে আরেকটি শিখা চিরন্তন নির্মাণ করা হয়েছে।। প্রকল্পের মূল কাজ ১৫০ ফুট উচ্চতার গ্লাস টাওয়ার নির্মাণ। এ জন্য বরাদ্দ ১৩৭ কোটি টাকা। আন্তর্জাতিক দরপত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান নকশা নিয়েছে। এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নেওয়ার জন্য নকশাটি পাঠানো হয়েছে।সূত্র জানায়, বুয়েটের অনুমোদন পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান বিদেশে গ্লাস ও ইস্পাত তৈরির উদ্যোগ নেবে। এরপর তা এনে নির্মাণ করা হবে গ্লাস টাওয়ার। চলতি বছরের জুনে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা একেবারেই নেই।১১৮ কোটি টাকা ব্যয়ে ৬৪ জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ হওয়ার কথা। প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক প্রথম আলোকে বলেন, ২৩টির কাজ চলছে, বাকিগুলোর দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি বলেন, জায়গা পাওয়া যাচ্ছে না বলে ১১টি কমপ্লেক্স নির্মাণে অগ্রগতি কম। এর মধ্যে চট্টগ্রামে রেল কর্তৃপক্ষ, বান্দরবান ও নেত্রকোনায় গণপূর্ত বিভাগ জায়গা বুঝিয়ে দেয়নি। এছাড়া চাঁদপুর, সিলেট, নারায়ণগঞ্জ, শেরপুর, পিরোজপুর, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও ও সাতক্ষীরায় জায়গা পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সম্মুখসমরের স্থানগুলো সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪টি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কথা। ইতিমধ্যে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া, ফেনীর শুভপুর, খুলনার শিরোমণি, দিনাজপুরের হিলি, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুড়িগ্রামের চিলমারী ও জামালপুরের কামালপুরে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে। জমিসংক্রান্ত জটিলতায় মৌলভীবাজারের কমলগঞ্জ ও টাঙ্গাইলের জাহাজমারায় স্মৃতিস্তম্ভের স্থান নির্ধারণ করা হয়নি। ২০০৮ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্প কয়েক দফা সংশোধিত হয়ে আগামী জুনে শেষ হওয়ার কথা।স্বাধীনতাযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণের লক্ষ্যে ২০০১ সালের ২৩ অক্টোবর জোট সরকার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠন করে। পাঁচ বছরে জোট সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস কাটাছেঁড়া করতে গিয়ে সব উদ্যোগ, প্রকল্প ও পদক্ষেপ বিতর্কিত করে তোলে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বার্ধক্যকালীন ভরণ-পোষণ ও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা, মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা অব্যাহত রাখা, মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক হিসেবে রেল, বাস ও লঞ্চে বিনা ভাড়ায় চলাচলের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের বিনা মূল্যে চলাচলের ব্যবস্থা করা ছাড়া বাকি কাজগুলো সম্পন্ন হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধাদের অন্যতম দাবি চাকরির বয়স বৃদ্ধি। সরকার চাকরি থেকে অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ করেছে। মুক্তিযোদ্ধারা ৬১ করার দাবি তুলেছেন এবং এই প্রস্তাব প্রধানমন্ত্রীর বিবেচনার জন্য পাঠানো হয়েছে।