মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে গ্রামে ব্যবসা করেছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা গতকাল বৃহস্পতিবার জবানবন্দিতে দাবি করেছেন, একাত্তরে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ফরিদপুরে গ্রামের বাড়িতে ব্যবসা-বাণিজ্য করতেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আসামিপক্ষের সাক্ষী হিসেবে তিনিই প্রথম জবানবন্দি দেন। তবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি জবানবন্দি শেষ করতে পারেননি। ১৮ নভেম্বর তিনি অবশিষ্ট জবানবন্দি দেবেন।জবানবন্দিতে কাদের মোল্লা বলেন, তাঁর জন্ম ১৯৪৮ সালে ফরিদপুর সদর থানার জরিপের ডাঙ্গি গ্রামে। তবে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর থানার আমিরাবাদে। ১৯৬৯ সালের ডিসেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন। তিনি শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র ছিলেন। একাত্তরের ১২ বা ১৩ মার্চ তাঁদের ব্যবহারিক পরীক্ষার দিন ছিল। কিন্তু ৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান চূড়ান্ত অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ায় পরীক্ষা বন্ধ হয়ে যায়। ১১ বা ১২ মার্চ তিনি গ্রামে চলে যান।কাদের মোল্লা বলেন, গ্রামে যাওয়ার পর তাঁরা কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র এবং স্থানীয় স্কুল-কলেজের কয়েকজন শিক্ষক প্রতিদিন আমিরাবাদ উচ্চবিদ্যালয়ের মাঠে বসে বেতারের খবর শুনতেন। একদিন তাঁদের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) মফিজুর রহমান যোগ দেন। ২৩ মার্চ মফিজুর রহমানের ডাকে তাঁরা বেশ কয়েকজন ছাত্র একত্রিত হন। তিনি বলেন, ‘মফিজুর রহমান আমাদের বলেন, তিনি আমাদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেবেন এবং সে জন্য তিনি কয়েকটি কাঠের তৈরি ডামি রাইফেল জোগাড় করেছেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে সমস্যার সমাধান হবে বলে মনে হয় না, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’কাদের মোল্লা বলেন, মফিজুরের পরামর্শমতো ওই দিন বিকেলে তাঁরা ৩০-৪০ জন একত্র হন। প্রাথমিক পরীক্ষার পর দু-একজন বাদে বাকিদের প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। ওই দিন থেকে তাঁরা পিটি-প্যারেড শুরু করেন। চতুর্থ দিন থেকে তাঁরা ডামি রাইফেল দিয়ে প্রশিক্ষণ নেন। ৩০ এপ্রিল বা ১ মে ফরিদপুরে পাকিস্তানি সেনারা যাওয়ার পর তাঁদের প্রশিক্ষণ বন্ধ হয়ে যায়। তিনি গ্রামে ছিলেন এবং মৌলভী মো. ইসহাকের দুই মেয়েকে পড়াতেন। মো. ইসহাকের ছেলেরা সবাই স্বাধীন বাংলার সমর্থক ছিলেন। ইসহাক তাঁকে কিছু টাকা দিলে তিনি চৌদ্দরশি বাজারে (কাগজে-কলমে সাড়ে সাতরশি বাজার) ব্যবসা-বাণিজ্য শুরু করেন। বাজার প্রতিদিন বসত, শনি ও মঙ্গলবার ছিল হাটবার। তিনি দাবি করেন, এর পর থেকে বাহাত্তরের প্রায় পুরো সময় প্রতি শনি ও মঙ্গলবার তিনি বাজারে গিয়ে ব্যবসা করতেন।কাদের মোল্লা আরও বলেন, একাত্তরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য মোশাররফ হোসেন ও সদরপুর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান তালুকদারের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। নভেম্বর মাসের দিকে সদরপুর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফুল করিমের সঙ্গেও তাঁর পরিচয় হয়। জবানবন্দির এই পর্যায়ে দুপুর ১২টার দিকে কাদের মোল্লা অসুস্থ হয়ে পড়লে ট্রাইব্যুনাল বিরতির পর বাকি জবানবন্দির সময় ধার্য করেন। কিন্তু বিরতির পর আসামিপক্ষ ট্রাইব্যুনালকে জানায়, কাদের মোল্লা সুস্থ হননি। পরে ট্রাইব্যুনাল এই মামলার কার্যক্রম ১৮ নভেম্বর (রোববার) পর্যন্ত মুলতবি করেন।এই মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা ছয়জন নির্দিষ্ট করে দিয়েছেন ট্রাইব্যুনাল।