মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ‘১৯৭১’
১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বিশ্ব মানচিত্রে যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই কাঙ্ক্ষিত বিজয়ের ৪০ বছর। আনন্দ আর অশ্রুর মিশেলে একাত্তরে যে বিজয়, তা আমাদের গর্বিত ইতিহাস। বাংলাদেশের সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে দীর্ঘ সাত বছর ধরে নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ১৯৭১। দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে, তথ্য সংগ্রহ করে এটি নির্মাণ করেছেন তিনি। বৈশাখী টেলিভিশনে ১৬ ও ১৭ ডিসেম্বর দুপুর দুইটা ৪৫ মিনিট থেকে দুই পর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই প্রামাণ্যচিত্রের। এর ব্যাপ্তি চার ঘণ্টা। এতে রয়েছে মুক্তিযুদ্ধ শুরুর ইতিহাস, সাধারণ জনতার অংশগ্রহণ, বঙ্গবন্ধুর অবদান, বিভিন্ন ঘটনানির্ভর ভিডিও ফুটেজ, প্রত্যক্ষ ও পরোক্ষদর্শীদের মধ্যে ১৭৬ জনের সাক্ষাৎকারসহ অনেক মূল্যবান তথ্য। ওয়ার্ল্ড প্রিমিয়ার উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৈশাখী টেলিভিশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা তানভীর মোকাম্মেল, বৈশাখী টেলভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, অনুষ্ঠান উপপ্রধান আহসান কবীর প্রমুখ। সংবাদ সম্মেলনে তানভীর মোকাম্মেল বলেন, ‘শুধু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি দায়বদ্ধতা থেকে এ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি।’ ১৯৭১ প্রামাণ্যচিত্রটির জন্য মোট ২৫০ ঘণ্টা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল এবং ভারতের কলকাতা, দিল্লি ও যেসব জায়গায় শরণার্থী শিবির গড়ে উঠেছিল, এমন কিছু জায়গাতেও প্রামাণ্যচিত্রটির শুটিং করা হয়েছে। এ ছাড়া ইউরোপ-আমেরিকার বিভিন্ন ফিল্ম আর্কাইভ ও অন্যান্য উৎস থেকে প্রামাণ্যচিত্রটির জন্য বেশ কিছু দুর্লভ ফুটেজ সংগ্রহ করা হয়েছে।