মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের স্মৃতি এখনো সজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ জাদুঘরে উপস্থিত সাংবাদিকদের অবাক করে দিয়ে সাবলীল বাংলায় কথা বললেন জাপানের অধ্যাপক সুয়োশি নারা। বাংলা ভাষাতেই তিনি মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং আবেগের কথা বললেন। সুয়োশি নারার সঙ্গে নানা দেশের আরও অনেকেই আছেন, যারা বাংলাদেশ সরকারের অতিথি হিসেবে এখন ঢাকায়। ২৭ মার্চ তাঁদের মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হবে। মুক্তিযুদ্ধের এই বিদেশী বন্ধু-সুহূদরা বাংলাদেশকে কতটা আপন করে নিয়েছিলেন সুয়োশি নারা তার উজ্জ্বল উদাহরণ। একটি দেশের জন্মলাভের সঙ্গে সম্পৃক্ত থাকার সৌভাগ্যে গর্বিত বন্ধুদের অনেকেই। গতকাল রোববার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে ’৭১-এর কথা বলতে গিয়ে কেউ কেউ ফিরে যান ৪০ বছর আগের সেই আনন্দ-বেদনা ভরা দিনে। বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে ইংরেজিতে প্রশ্ন করতেই মৃদু হেসে অধ্যাপক সুয়োশি নারা বললেন, “আমি বাংলা জানি। বাংলায় প্রশ্ন করুন।” তারপর নিজের পরিচয় দিয়ে বললেন, ‘আমি বাংলাদেশে নতুন নই। প্রায়ই আসা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট আমার হাতেই গড়া। ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি। বঙ্গবন্ধু যখন মারা যান, তখন আমি ঢাকাতেই ছিলাম।’ অধ্যাপক নারা জানান, মুক্তিযুদ্ধের সময় তিনি জাপান-বাংলাদেশ মৈত্রী সমিতি গঠন করেন। সমিতির মাধ্যমে টাকা সংগ্রহ করে তা দিয়ে ত্রাণসামগ্রী কিনে নিয়ে যান কলকাতার সল্টলেকের শরণার্থী শিবিরে। মুক্তিযুদ্ধ জাদুঘরে অতিথিদের স্বাগত জানান জাদুঘরের ট্রাস্টি সদস্য মফিদুল হক, জিয়াউদ্দিন তারেক আলী ও সারোয়ার আলী। দলে সবার আগে ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী লে. জেনারেল (অব.) জে এফ আর জ্যাকব। এরপর মহারানি বিভু কুমারী দেবী। সামনে এগিয়ে যেতেই বিভু কুমারী প্রাণখোলা হেসে বললেন, ‘মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মহারাজা শরণার্থীদের জন্য নিজের বাড়িটি উন্মুক্ত করে দিয়েছিলেন। আজ এমন গর্বের দিনে রাজা নেই। আমি এলাম। রাজা থাকলে এই আনন্দ আরও সুখের হতো।’ মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ সম্পর্কে মহারানি বলেন, ‘প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার তো ৫০ বছর পরেও হয়েছে। এমন দৃষ্টান্ত আছে। এখানেও বিচার হচ্ছে। তবে বিষয়টি একান্তই বাংলাদেশ সরকারের। এখানে আমাদের মন্তব্য না থাকাই ভালো।’বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মাননার উদ্দ্যোগকে অনন্য আখ্যায়িত করে জে এফ আর জ্যাকব বলেন, ‘মুক্তিযুদ্ধে শুধু ভারতীয় সেনাবাহিনীর সদস্য হিসেবে অংশ নিইনি। এই যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপারে আমাকে আমার আবেগও প্রভাবিত করেছিল।’ মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যাকব বলেন, এটি বাংলাদেশের নিজস্ব ব্যাপার।’ পণ্ডিত রবি শঙ্করের পক্ষে সম্মাননা গ্রহণ করতে ঢাকায় এসেছেন তাঁর অন্যতম শিষ্য পণ্ডিত কার্ত্তিক কুমার। কার্ত্তিক কুমার জানালেন, তাঁর জন্ম পুরান ঢাকার রাধিকা মোহন বসাক লেনে। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম কৃতী এই সেতারবাদক বললেন, ‘গুরুর (রবি শঙ্কর) অনুগ্রহে আমি ৬২ বছর পর জন্মভূমিতে ফিরে এলাম।’ মুক্তিযুদ্ধের সময় ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের পক্ষে সম্মাননা গ্রহণ করতে এসেছেন তাঁর ভাইপো সনজিত রায়। তিনি জানান, তাঁদের আদি বাড়ি বিক্রমপুরে। মন্ত্রী হওয়ার আগে সিদ্ধার্থ শংকর রায় দুর্গাপুজার উৎসবে যোগ দিতে বিক্রমপুরে আসতেন। মূলত নাড়ির টানেই তিনি মুক্তিযুদ্ধের সময় নিরলস খেটেছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু যুক্তরাষ্ট্রের অধ্যাপক এডওয়ার্ড সি ডিমক। প্রয়াত এই অধ্যাপকের হয়ে সম্মাননা গ্রহণ করতে এসেছেন তাঁর ছেলে তৃতীয় এডওয়ার্ড সি ডিমক। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারিভাবে বাংলাদেশকে সমর্থন না দিলেও সে দেশের জনগণ মুক্তিকামী বাঙালিদের পক্ষে ছিল। জ্যেষ্ঠ এডওয়ার্ড সি ডিমক শিকাগো বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠনে কাজ করেন। সেই সূত্রে তাঁদের পরিবারের সব সদস্যই বাংলাদেশের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন। রাষ্ট্রীয় অতিথিদের এই দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দর সিং (ভারতীয় সেনাবাহিনীর সাবেক প্রধান এস এ এম মানেকশর পক্ষে), অধ্যাপক দিলীপ চক্রবর্তীর পক্ষে তাঁর ছেলে সুগত চক্রবর্তী, অন্নদাশংকর রায়ের পক্ষে সুরজিত দাশ প্রমুখ। অতিথিরা মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন। এর আগে অতিথিরা সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় অতিথিদের দলে ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং এবং মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিনও ছিলেন। দুপুরে অতিথিরা বের হন নৌবিহারে। তাঁদের বহনকারী এমভি-৮ জাহাজটি পোস্তগোলা থেকে যাত্রা শুরু করে বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী হয়ে পোস্তগোলায় ফিরে আসে। এ সময় এমভি-৮ ঘিরে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। নৌবিহারের পরই তাঁরা গিয়েছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখান থেকে সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন পরিদর্শন করেন।শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন: সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে অতিথিদের গাড়ি থামে শিখা চিরন্তনের পাশে। শিখার পাশে কিছুক্ষণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তাঁরা। সম্মানিত অতিথিরা এখানে বীর শহীদদের উদ্দেশ্যে স্যালুট করে অভিবাদনও জানান। লে. জেনারেল (অব.) জ্যাকব সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের এই অর্জন ঐতিহাসিক। এই অর্জন গৌরবের। এ ধরনের সম্মাননার উদ্যোগ বিশ্বে বিরল।’সুয়োসি নারা বলেন, ‘বাংলাদেশের রাজনীতি অনেক দূর এগিয়েছে। আরও এগোতে হবে। এ জন্য মানুষকে শিক্ষিত করে তোলা জরুরি। মানবতাবিরোধী অপরাধের যে বিচার শুরু হয়েছে, তা আরও আগেই শুরু হওয়া উচিত ছিল। আমরা আশা করি এই বিচার হবে।’ শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদনের পর বিদেশি অতিথিরা সোহরাওয়ার্দী উদ্যানে ভূগর্ভস্থ শিখা চিরন্তন জাদুঘরে যান। সেখানে দেয়ালে টাঙানো মুক্তিযুদ্ধের আলোকচিত্র, দলিল, দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত খবর ঘুরে দেখেন তাঁরা। কেউ কেউ প্রদর্শিত নিদর্শনের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।