দেশে বিদ্যমান সহিংস পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ২১ বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে, তারা আসলে নতুনভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতায় নেমেছে। তাদের এই তৎপরতা দেশদ্রোহের নামান্তর।গতকাল শনিবার দেওয়া ওই বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, গত বৃহস্পতিবার ঘোষিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করার নামে একটি মহল সুপরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্য ও সংঘাতের দিকে ঠেলে দিতে সহিংস পথ বেছে নিয়েছে। এর পরিণতিতে ইতিমধ্যে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। শত শত মানুষ আহত বা সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য ও নারী, শিশুসহ নিরীহ সাধারণ নাগরিক রয়েছেন।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের সশন্ত্র বিরোধিতা করেছিল, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সর্বাত্মক সহযোগিতায় নারী, পুরুষ, শিশু-নির্বিশেষে দেশের মানুষ, বুদ্ধিজীবী, লেখক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীকে হত্যা করেছিল, তাদের সেই জঘন্য মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি দলমত, জাতিধর্ম-নির্বিশেষে গণমানুষের দাবি হিসেবে ৪২ বছর ধরে নানাভাবে ধ্বনিত ও উচ্চারিত হয়ে এসেছে। তারই পরিপ্রেক্ষিতে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। অতএব এই ট্রাইব্যুনালের রায় নিয়ে সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি করে চরম অরাজক ও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যারা দেশকে ঠেলে দিতে চাচ্ছে, তারা আসলে নতুনভাবে একাত্তরের মুক্তিযুদ্ধেরই বিরোধিতায় নেমেছে। তাদের এই তৎপরতা চরম দেশদ্রোহেরই নামান্তর।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, একাত্তরের গণহত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, নারী নির্যাতন এবং হানাদারদের সঙ্গে সশস্ত্র সহযোগিতার মাধ্যমে যারা যুদ্ধাপরাধ করেছে, তাদের বিচারকে বাধাগ্রস্ত করা কার্যত একাত্তরের মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত লাখ লাখ পরিবার, সাধারণ নাগরিক, শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের মানবাধিকার লঙ্ঘন ও আত্মত্যাগকে অবমাননা করার শামিল। আমরা তাদের এই অপতৎপরতা, বিশেষত সাধারণ নিরীহ নাগরিকদের ওপর আক্রমণ, হত্যা, পুলিশের ওপর সশস্ত্র হিংস্র আক্রমণ ও খুন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে একাত্তরের মতোই অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা সংশ্লিষ্ট সবাইকে সহিংস ও সশস্ত্র আক্রমণের পথ পরিহার করে, প্রতিবাদ করার বিষয় থাকলে শান্তিপূর্ণ পথে তা করার আহ্বান জানান। সরকার, প্রধান বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের কথা ও আচরণে যথেষ্ট সংযম ও দায়িত্বশীলতা আশা করেন বলে উল্লেখ করেন। দেশের পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সাধারণ মানুষ নারী, শিশু, সংখ্যালঘু, আদিবাসীসহ সবার জানমালের নিরাপত্তা দিতে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মানবাধিকার সুরক্ষার বিষয়ে আরও মনোযোগী হওয়ারও আহ্বান জানান তাঁরা।বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা সব হতাহতের ঘটনা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, মন্দির ভাঙার, জাতীয় পতাকায় আগুন দেওয়া, শহীদ মিনার ভাঙার ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি বিধানের দাবি জানিয়েছেন।বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, সুলতানা কামাল, মুহম্মদ জাফর ইকবাল, খুশী কবির, আবুল বারকাত, সাদেকা হালিম, সুব্রত চৌধুরী, ইফতেখারুজ্জামান, সুপ্রিয় চক্রবর্তী, সারা হোসেন, শামসুল হুদা, মেঘনা গুহঠাকুরতা, তবারক হোসেন, কাজল দেবনাথ, সঞ্জীব দ্রং, মোহাম্মদ কামাল উদ্দিন, ইয়াসমিন হক, দিল মনোয়ারা মনু, সাইদা কামাল ও মনীন্দ্র কুমার নাথ।