মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার, আলবদর, আল-শামস ও শান্তি কমিটির নেতাদের তালিকা প্রণয়ন করা হবে। বিষয়টি সরকারের বিবেচনাধীন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন হওয়ার পর ইউনিয়ন পর্যায় থেকে এ কাজ শুরু করা হবে।আজ বৃহস্পতিবার সাংসদ চয়ন ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বিকেল সোয়া তিনটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটিকে স্মরণীয় করে রাখতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের ভূগর্ভস্থ জাদুঘর নির্মাণ, ১৫০ ফুট উচ্চতাবিশিষ্ট গ্লাস টাওয়ার নির্মাণ, শিখা অনির্বাণ নির্মাণ, জলাধার নির্মাণ, স্বাধীনতাযুদ্ধের ম্যুরাল ও উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হবে।