মুক্তিযুদ্ধের ভাষ্য শুনলেন তিন প্রজন্মের শ্রোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তারিখটা ঠিক মনে নেই। গোটা গাঁয়ের মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে। চোখাচোখি হলেও কেউ যেন কাউকে চিনতে পারছে না। পাকিস্তানি সেনারা সবার সামনে একজনকে গুলি করে হত্যা করল। একজন নারীর কোল থেকে একটা ছোট্ট বাচ্চা কেড়ে নিয়ে এক খানসেনা আকাশের দিকে ছুড়ে মারল। অন্য একজন বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারল।’পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শ্রীকান্ত ধর তার বাবার ভাষ্য পড়ে শোনাচ্ছিল গতকাল বৃহস্পতিবার। বিজয়ের ৪০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘরে যখন এই ভাষ্য উপস্থাপিত হয়, তখন কারও মুখে কথা নেই। কারও কারও গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু।অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকের। মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা রণজিৎ বিশ্বাস বলেন, ভ্রাম্যমাণ জাদুঘর দেশজুড়ে স্কুল-কলেজপড়ুয়া কিশোর-তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেয়। জাদুঘর ছাত্রদের বলেছিল, তারা যেন পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা শুনে লিখে পাঠায়। এখন পর্যন্ত এমন প্রায় ১৮ হাজার ভাষ্য সংগ্রহ করেছে জাদুঘর।মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয়ের ৪০ বছর পূর্তিতে উপস্থাপন করে নির্বাচিত ছয়টি ভাষ্য। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে গতকাল তিন প্রজন্মের মানুষ মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের আতঙ্ক, পাকিস্তানি সেনাদের অত্যাচার, নিপীড়ন, রাজাকার-আলবদর, আলশামসদের তৎপরতা ও মানুষের সর্বাত্মক প্রতিরোধের সত্য ঘটনা শোনেন।রাজধানী ঢাকার ওয়াইডব্লিউসিএ স্কুলের ছাত্রী লামিসা রেহনুমা বলে, এই বয়সেও তার দাদা তাঁর ভাইপো রফিকুল ইসলামের জন্য কাঁদেন। একাত্তরে পাকিস্তানি সেনারা রফিকুল ইসলামকে ধরে নিয়ে যায়। পরে তাঁর মৃতদেহ পাওয়া যায় খালের ধারে হাত-পা বাঁধা অবস্থায়। যশোরের আলিমননেছা বালিকা বিদ্যালয় ও কারিগরি কলেজের ছাত্রী শারমিন খাতুন তার দাদিকে উদ্ধৃত করে বলে, ‘গ্রামের এক মুক্তিযোদ্ধার মাথা কেটে পাকিস্তানি সেনারা ফুটবল খেলেছে।’ভাষ্য উপস্থাপনের পর চরমপত্র পাঠ ও যশোরের বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় ও রংপুরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।