মুক্তিযুদ্ধের শেষ নাই যুদ্ধাপরাধীর ক্ষমা নাই
সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসবের আয়োজন করে ১৯৯০ সালের ডিসেম্বরে। এর পর থেকে প্রতিবছর নিয়মিত। জোটের এই আয়োজন মুক্তিযুদ্ধের মহান বিজয়ের উৎসবে অন্যতম প্রধান অনুষঙ্গে পরিণত হয়। এই উৎসবে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা লাখো শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও নানা প্রামাণ্য নিদর্শন। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকেই। বিজয় দিবস আসন্ন। দিনটি সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল বৃহস্পতিবার বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে।‘মুক্তিযুদ্ধের শেষ নাই যুদ্ধাপরাধীর ক্ষমা নাই’ স্লোগান নিয়ে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের উৎসব। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে বেশ কয়েকটি মঞ্চ থেকে কথা, কবিতা, গান, নাচ, আবৃত্তি, নাটকের ভাষায় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জোর দাবি জানানো হবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। বিজয় উৎসবের এবারের বিস্তারিত তুলে ধরেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী প্রমুখ।১৩ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শহীদ মিনার থেকে বিজয় উৎসব ছড়িয়ে পড়বে ধানমন্ডির রবীন্দ্রসরোবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, শিশু একাডেমী, রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধ, মিরপুরের কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ, বাহাদুরশাহ পার্ক, দনিয়া বর্ণমালা উচ্চবিদ্যালয় মাঠ ও শনির আখড়ায়। জোটের অন্তর্ভুক্ত প্রায় ২০০ সংগঠন এ উৎসবে অংশ নেবে। একই সঙ্গে ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জোর দাবি জানানো হবে। বিজয়ের দিন ১৬ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হবে বিশেষ শোভাযাত্রা। বৈচিত্র্য আনার পাশাপশি একে তাৎপর্যপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকেরা।