মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করলেও মিরপুর মুক্ত হয় ১৯৭২ সালের ৩১ জানুয়ারি। তাই ৩১ জানুয়ারি ‘মিরপুর মুক্ত দিবস’ পালন করে মিরপুরবাসী। এই দিনকে ঘিরে নানা আয়োজন করা হয় মিরপুরে। সে সবে উঠে আসে ১৯৭১ ও ১৯৭২ সালে মিরপুরের মুক্তিযুদ্ধের শোক আর গৌরবের নানা স্মৃতি। এসব নিয়ে লিখেছেন মিল্লাত হোসেনমুক্তির কথা১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরেও পাকিস্তানি হানাদার বাহিনীর একটি অংশ, অবাঙালি ও তাঁঁদের এ দেশীয় দোসররা মিরপুরে অপতৎপরতা চালাতে থাকে। অনেকটা অবরুদ্ধ থাকে মিরপুর। অবরুদ্ধ মিরপুরকে মুক্ত করতে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা কয়েকবার অপারেশন পরিচালনা করেও ব্যর্থ হন। মুক্তিযুদ্ধকালে মোহাম্মদপুর ও মিরপুর থানার গেরিলা কমান্ডার (মামা গ্রুপ) ছিলেন শহীদুল হক (মামা)। মিরপুর মুক্ত করার কৌশল নির্ধারণের জন্য ১৯৭২ সালের ৬ জানুয়ারি দুই নম্বর সেক্টরের কমান্ডার শহীদ কর্নেল এ টি এম হায়দার বীর উত্তম ও শহীদুল হকের নেতৃত্বে একটি বৈঠক হয়। এ প্রসঙ্গে মিরপুরের ১০টি বধ্যভূমি গ্রন্থে মিরাজ মিজু লিখেছেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৯ ডিসেম্বর ১৯৭১ বিহারি কর্তৃক লুণ্ঠিত মালামাল বেচাকেনার বাজারটি (মিরপুর ৬ নম্বর সেকশন) গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ২৯ জানুয়ারি শহীদুল হক মামার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। কিন্তু আত্মগোপনকারী পাকিস্তানি হানাদার বাহিনী, তাঁদের এ দেশীয় দোসর বিহারি ও রাজাকারদের হাতে থাকা প্রচুর পরিমাণ গোলাবারুদ ও ভারী অস্ত্রের কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেননি মুক্তিযোদ্ধারা। তবে ৩০ জানুয়ারি সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে পর্যুদস্ত হয় আত্মগোপনকারী পাকিস্তানি হানাদার বাহিনী ও অবাঙালি ঘাতকেরা। ৩১ জানুয়ারি মিরপুর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের মাঠে (বর্তমান ঈদগাহ মাঠ) আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরেরা।মিরপুর মুক্তির উৎসবমিরপুর মুক্ত দিবস উপলক্ষে মিরপুরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্ট (মুক্তিযুদ্ধ জাদুঘর) জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠে আগামীকাল বিকেলে অনুষ্ঠান করবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারি সমন্বয়ক কে এম নাসির উদ্দিন জানান, তাঁদের আয়োজনে প্রথমেই থাকছে আলোচনা অনুষ্ঠান। এরপর ‘বধ্যভূমি সন্তান দল’ নামে সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে আবৃত্তি, গান ও নাটক।এদিকে মিরপুর মুক্ত দিবস উপলক্ষে ‘মিরপুর মুক্তির উৎসব’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠান করছে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম। এ উৎসব সম্পর্কে সদস্যসচিব সগীর মোস্তফা বলেন, ‘১৬ ডিসেম্বর নয়, মিরপুরবাসী বিজয় লাভ করে ৩১ জানুয়ারি। তাই এ দিনটি মিরপুরবাসীর কাছে আনন্দের বারতা নিয়ে আসে। তবে আমাদের উৎসবের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের সময় মিরপুরের নানা ঘটনা নতুন প্রজন্মকে জানানো।’মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামের উদ্যোগে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে ২৮ জানুয়ারি। ওই দিন বিকেল তিনটায় কিংবদন্তি চত্বর (সনি হলের মোড়) থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা, যা শেষ হয় জল্লাদখানা বধ্যভূমিতে এসে। একই দিন সন্ধ্যা ছয়টায় মিরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ হয় জল্লাদখানা বধ্যভূমিতে, আলোকচিত্র প্রদর্শনী হয় সরকারি বাঙলা কলেজ বধ্যভূমিতে এবং চলচ্চিত্র প্রদর্শনী হয় মুসলিম বাজার বধ্যভূমিতে।গতকাল সকাল ১১টায় ডেইলি স্টার মিলনায়তনে হয় গোলটেবিল বৈঠক। সন্ধ্যা ছয়টায় মিরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় জল্লাদখানা বধ্যভূমিতে, আলোকচিত্র প্রদর্শনী হয় মিরপুর ১৪ নম্বর সেকশন বালুর মাঠে, চলচ্চিত্র প্রদর্শনী হয় মুসলিম বাজার বধ্যভূমি ও মিরপুর কলেজ বধ্যভূমিতে।আজ ও আগামীকাল সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ মঞ্চে অনুষ্ঠান হবে। যাতে অংশ নেবে গণসংগীত, নাটক, আবৃত্তির দলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। আজ ও আগামীকাল বিকেল সাড়ে চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মিরপুর টাউন হল মঞ্চে। আজ সন্ধ্যা ছয়টায় চলচ্চিত্র প্রদর্শনী হবে রাইনখোলা বধ্যভূমি ও শিয়ালবাড়ি বধ্যভূমিতে। একই সময়ে আলোকচিত্র প্রদর্শনী হবে মিরপুর টাউন হল মঞ্চে।আগামীকাল মিরপুর মুক্ত দিবসে সকাল ১০টায় জল্লাদখানা বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য দেওয়া হবে। একই দিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হবে জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন)। এর মধ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায়। জাতীয় উদ্ভিদ উদ্যানের সব আয়োজন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।জহির রায়হানের খোঁজে...গণহত্যা বন্ধ করো (স্টপ জোনোসাইড)—১৯৭১ সালে নির্মিত একটি চলচ্চিত্রের নাম। এটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান। সহোদর শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে ১৯৭২ সালে নিখোঁজ হন জহির রায়হান।তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে ১৯৭২ সালের ৩ ফেব্রুয়ারি দৈনিক বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ‘কোনো এক সূত্র থেকে (?) অগ্রজ শহীদুল্লা কায়সার মিরপুরে কোন একটি বিশেষ বাড়ীতে এখনও আটক আছেন, এমন একটি সংবাদ পেয়ে জনাব রায়হান ২৯ জানুয়ারি সকালে মিরপুরে যান।...সন্ধ্যা গড়িয়ে রাত হলো। কিন্তু জনাব জহির রায়হান আর ফিরলেন না। পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে প্রতি মুহূর্ত অপেক্ষা করে আছেন জহির রায়হান কখন বাসায় ফিরবেন?’তবে দীর্ঘ ৩৯ বছরেও মিরপুর থেকে ফিরে আসেননি জহির রায়হান। তৎকালীন পত্রিকায় ২৯ জানুয়ারি বলা হলেও জহির রায়হান নিখোঁজ হয়েছিলেন ৩০ জানুয়ারি। প্রতিবছর ৩০ জানুয়ারি জহির রায়হান অন্তর্ধান দিবস পালিত হচ্ছে। তবে জহির রায়হান শহীদ হয়েছিলেন বলে জানান জুলফিকার আলি মাণিক। তাঁর মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন মিরপুর/জহির রায়হান অন্তর্ধান রহস্যভেদ বই থেকে জানা যায়, মিরপুর ১২ নম্বর সেকশনের পানির ট্যাংক এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর বিহারি-রাজাকারদের সংঘবদ্ধ সশস্ত্র হামলার শিকার হন জহির রায়হান। সকাল ১১টায় সশস্ত্র হামলা করে বিহারি-রাজাকার-পাকিস্তানি বাহিনী। পানির ট্যাংকের পাশে লুটিয়ে পড়েছিল জহির রায়হানের দেহ। তাঁর জামাজুড়ে ছিল রক্তের দাগ।