মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩৬টি প্রতিষ্ঠান লোকসানি
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ৩৬টি প্রতিষ্ঠান লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠানের লোকসানের কারণ কী এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।সংসদ ভবনে আজ বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে মন্ত্রণালয়ের কাছে এই সুপারিশ করা হয়। কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালনা বোর্ডের সাংগঠনিক দুর্বলতাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলেছে। বৈঠক শেষে কমিটির সদস্য জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, একসময় তাবানী বেভারেজ বছরে ৪০ কোটি টাকা লাভ করত। এখন ট্রাস্টের ৩৬টি প্রতিষ্ঠানই লোকসানি। বাকিগুলোও ধ্বংস হওয়ার পথে। এর পেছনে যারা জড়িত, কমিটি তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আর্থিক বিষয় ও ব্যবস্থাপনা সম্পর্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কিন্তু ওই প্রতিবেদনে ট্রাস্টের সাংগঠনিক দুর্বলতা সম্পর্কে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। কমিটি প্রতিবেদনে দুর্বলতার কারণগুলো উল্লেখ করতে বলেছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠান কী আঙ্গিকে ব্যবসা করলে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে, সে উপায় খুঁজে বের করার পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবেদিন, এ কে এম এ আউয়াল ও ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।