মুক্তিযোদ্ধা কাউন্সিলে নেই আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার দুই বছর চার মাসের মধ্যে একটি সভাও হয়নি। সাত সদস্যের কাউন্সিলের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিষদে আরও আছেন তিন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ ছয় বিশিষ্ট নাগরিক।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এই পরিষদের একজন উপদেষ্টা। তিনি প্রথম আলোকে বলেন, নানা কারণে সভা হয়নি। তবে হওয়া উচিত ছিল। খুব শিগগির এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।উপদেষ্টা পরিষদের বছরে অন্তত একটি সভা করার নিয়ম আছে। আর প্রতি দুই মাস পর কমপক্ষে একটি কাউন্সিল কমিটির সভা হওয়ার কথা। এই হিসাবে ১৩টি সভা হওয়ার কথা, হয়েছে ছয়টি।মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখতে, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ২০০২ সালে সংসদে আইন পাস হওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠিত হয়। কিন্তু সাত বছর ধরে এই কাউন্সিলের তেমন কাজকর্ম নেই।২০০৯ সালের ১২ আগস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপদেষ্টা পরিষদ ও ৪ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিলের কমিটি পুনর্গঠন করা হয়। কাউন্সিল কমিটির সদস্য আটজনের সবাই সাংসদ। কাউন্সিল শক্তিশালী করতে একটি প্রকল্প হাতে নেওয়া হলেও চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোনো বরাদ্দ রাখা হয়নি।কাজ ১০টি, করছে দুটি: আইনে মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০টি নির্দিষ্ট কাজের উল্লেখ রয়েছে। এর মধ্যে দুটি কাজ করে ওই প্রতিষ্ঠান। একটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের সনদ ও প্রত্যয়নপত্র প্রদানে এবং জাল ও ভুয়া সনদ বাতিলে সরকারের কাছে সুপারিশ করা। আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা-সংশ্লিষ্ট সব সংগঠনের নিবন্ধন দেওয়া। এর বাইরে আইন অনুযায়ী মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি রক্ষার্থে বিভিন্ন প্রকল্প পরিচালনা ও নিয়ন্ত্রণ, মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিসৌধ, ভাস্কর্য ও জাদুঘর নির্মাণের অনুমতি দেওয়া থেকে শুরু করে এগুলোর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কাউন্সিলের ওপর ন্যস্ত।জনবল নেই: আইনে অনেক দায়িত্ব থাকলেও কাউন্সিলের নিজস্ব কোনো কার্যালয় নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দু-তিনটি কক্ষ নিয়ে চলছে এর কার্যক্রম। একজন মহাপরিচালক, দুজন পরিচালক এবং একজন কর্মকর্তা চালান ওই কাউন্সিল। আইন অনুযায়ী, কাউন্সিলে কর্মকর্তা-কর্মচারী থাকার কথা ৩২ জন। এত দিন মন্ত্রণালয় বা মুক্তিযোদ্ধা সংসদ থেকে জনবল ধার নিয়ে চলেছে কাউন্সিলের কার্যক্রম। এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিলের মহাপরিচালক সৈয়দ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, কাউন্সিলে ২৭ জনের জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। আলাদা কার্যালয় খোঁজা হচ্ছে।১১৪টি নিবন্ধিত প্রতিষ্ঠান: মুক্তিযোদ্ধাদের নামে যেকোনো প্রতিষ্ঠান, সমবায় সমিতি করতে চাইলে কাউন্সিলের নিবন্ধন প্রয়োজন হয়। এ পর্যন্ত কাউন্সিল ১১৪টি সমবায় সমিতিকে নিবন্ধন দিয়েছে। নিবন্ধনের জন্য আবেদন পড়েছে প্রায় ৪০০।জানা যায়, মুক্তিযোদ্ধারা এই নিবন্ধন নিয়ে আয়বর্ধক বিভিন্ন কার্যক্রম শুরু করতে পারেন। সে ক্ষেত্রে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পান। এই সুযোগে নিবন্ধন ছাড়াও মাঠপর্যায়ে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন ভুয়া সংগঠন বা সমিতি গড়ে উঠেছে। হাট-বাজারের ইজারা, সেতুর টোল, পশুর হাটের ইজারা, খাসজমি দখলসহ বিভিন্ন কাজে মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করা হচ্ছে।মুক্তিযোদ্ধা কাউন্সিল ২০০৯ থেকে এ পর্যন্ত দুই হাজার ১৩৭ জনের নামে সনদ দেওয়ার সুপারিশ করেছে। এই সময়ের মধ্যে আবেদন পড়েছে প্রায় চার হাজার।মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ জরুরি বলে সংশ্লিষ্ট সব পক্ষ মত প্রকাশ করে। ওই সংজ্ঞাটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি এখনো সংজ্ঞা চূড়ান্ত করতে পারেনি। কমিটির প্রধান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তম প্রথম আলোকে বলেন, বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে।মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ বিষয়ে একটি সংজ্ঞা ঠিক করেছে। সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধ অর্থ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে/অভিপ্রায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ২৬ মার্চ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দিন হইতে ১৬ ডিসেম্বর ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকামী/মুক্তিকামী জনগণের পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসরদের বিরুদ্ধে পরিচালিত/সংঘটিত যুদ্ধ।’মুক্তিযোদ্ধা সংসদ প্রস্তাবিত মুক্তিযোদ্ধার সংজ্ঞা হচ্ছে, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এক থেকে ১১ নম্বর সেক্টরের অধীনে বা বিভিন্ন সেক্টর কর্তৃক অনুমোদিত আঞ্চলিক বাহিনীর অধীনে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী, বিএলএফের সদস্য, মুজিবনগর কর্মচারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কলাকুশলী ও মুজিবনগর সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযুদ্ধ সংগঠক।’