মুক্তিযোদ্ধা কি না জানতে চেয়ে ১২৩৯ জনকে চিঠি
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চিঠির প্রতিবাদে মানববন্ধন করেছেন নাটোরের ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার নাটোর পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করে তাঁরা অবিলম্বে এই চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।নাটোর মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের তালিকাভুক্ত এক হাজার ২৩৯ জন মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, তা জানতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড এই চিঠি দেয়। এই মুক্তিযোদ্ধাদের মধ্যে খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও মুক্তিযুদ্ধের সময় কমান্ডারের দায়িত্ব পালন করা ব্যক্তিও রয়েছেন।নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা খন্দকার নুুরুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি নাটোর জেলা কমান্ড কাউন্সিল বরাবর আসে। ওই চিঠির সঙ্গে জেলার এক হাজার ২৩৯ জন মুক্তিযোদ্ধার নামের একটি তালিকা পাঠানো হয়। চিঠিতে তালিকাভুক্ত ব্যক্তিরা প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, তা যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়। যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা ও জেলা কমান্ড থেকে তালিকাভুক্ত ব্যক্তিদের বরাবর রেজিস্ট্রি চিঠি পাঠানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকৃত মুক্তিযোদ্ধা কি না, তা প্রমাণসহ নির্ধারিত ফরমে জবাব দেওয়ার অনুরোধ করা হয়। কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো ওই ফরমের মূল্য ধরা হয় ১০০ টাকা।সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নূরুল ইসলাম জানান, তাঁরা ২২ সেপ্টেম্বর পর্যন্ত ২৫১ জনের কাছে চিঠি দিয়েছেন। এঁদের মধ্যে ৫১ জন ফরম কিনেছেন। তিনি আরও জানান, তালিকাভুক্ত ব্যক্তিরা চিঠি পাওয়ার ৫৯ দিনের মধ্যে লিখিত জবাব দেবেন। কেন্দ্র থেকে দেওয়া চিঠিতে এটা উল্লেখ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টা থেকে নাটোরের পুরাতন বাসস্ট্যান্ডে কয়েক শ মুক্তিযোদ্ধা আধা ঘণ্টার মানববন্ধন করেন। মুক্তিযোদ্ধা সংগ্রাম কমিটির ব্যানারে মানববন্ধনের পর সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তারা কেন্দ্র থেকে পাঠানো তালিকা প্রত্যাহারের দাবি জানান।গেজেট ও মুক্তিবার্তা অনুযায়ী, নাটোর জেলায় এক হাজার ৩৭৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। সদর উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক শেখ মো. আবুল হোসেন জানান, যাচাই-বাছাই কমিটির দায়িত্ব যাঁদের দেওয়া হয়েছে, তাঁদেরও অনেকের নাম কেন্দ্র থেকে পাঠানো তালিকায় রয়েছে। কেন্দ্র থেকে পাঠানো তালিকায় বীর প্রতীক সোলায়মান আলীর নাম রয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু নিজে আমাকে বীর প্রতীক খেতাব দিয়েছেন। অথচ আমাকে ফরম পূরণ করে জানাতে বলা হয়েছে, আমি প্রকৃত মুক্তিযোদ্ধা কি না। এটা জানতে পেরে লজ্জিত ও মর্মাহত হয়েছি। আমি টাকা দিয়ে ফরম কিনে এখন কি নতুন করে মুক্তিযোদ্ধা হব? এটা আমি করতে পারব না। এর আগে যেন আমার মৃত্যু হয়।’ ওই তালিকায় নাম রয়েছে মুক্তিযুদ্ধের সময় ভারতের জলঙ্গির সাহেবপুর ক্যাম্পের ইনচার্জ ও সাবেক সাংসদ সাইফুল ইসলামেরও। সাবেক এই সাংসদ বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। দেশে ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। তবে তা যাচাইয়ের জন্য সবাইকে এক কাতারে দাঁড় করানো উচিত হয়নি।’ নাটোর সদর উপজেলা কমান্ডের কমান্ডার ও যাচাই-বাছাই কমিটির সভাপতি নূরুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কমান্ড যে সিদ্ধান্ত দিয়েছে, তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আমার নামও ওই তালিকায় রয়েছে। তবে কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ অনুযায়ী আমি যাচাই-বাছাই কমিটির সভাপতি হয়েছি।’ তিনি জানান, কেন্দ্রীয় কমান্ড থেকে পরে একটি চিঠিতে গেজেট ও মুক্তিবার্তায় নাম থাকা মুক্তিযোদ্ধাদের চিঠি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকার একটি চূড়ান্ত এবং পরিশুদ্ধ তালিকা করতে চায়। এ জন্য যাঁদের ব্যাপারে অভিযোগ এসেছে, তাঁদের সবাইকে চিঠি দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে একটি সঠিক তালিকা করা হবে।হেলাল মোর্শেদ খান বলেন, কেবল নাটোরে নয়, সারা দেশেই এ রকম চিঠি দেওয়া হয়েছে। দুই লাখ ৪০ হাজার মুক্তিযোদ্ধার মধ্যে ৬২ হাজার মুক্তিযোদ্ধার কাছে চিঠি দিয়ে তথ্য চাওয়া হচ্ছে বলে তিনি জানান।