মুক্তিযোদ্ধা কোটায় সিনিয়র নার্স নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান ছাড়াও তাঁদের অন্য আত্মীয়দের নিয়োগ দেওয়া হবে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে সিদ্ধান্ত হয়েছিল, মুক্তিযোদ্ধা কোটায় সিনিয়র নার্স নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া না গেলে ওই আসনগুলো খালি থাকবে। কিন্তু এই কোটায় ৭৩৬টি আসনের বিপরীতে মাত্র ২৬ জন মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যাওয়ায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হলো।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালম আজাদ মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা কোটায় সিনিয়র নার্স নিয়োগের ক্ষেত্রে কোটার ৭৩৬টি আসনের মধ্যে মাত্র ২৬টি পূরণ হয়েছে। এখনো ৭১০টি আসন শূন্য পড়ে আছে। এ আসনগুলো পূরণের জন্য মুক্তিযোদ্ধাদের সন্তান ছাড়াও অন্য আত্মীয়স্বজনের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।প্রসঙ্গত, সরকার সারা দেশে দুই হাজার ১৪৮ জন সিনিয়র নার্স নিয়োগদানের সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ছিল ৭৩৬ জনের।