মুক্তিযোদ্ধা খসরুজ্জামান চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের অন্যতম সংগঠক খসরুজ্জামান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে স্থানীয় সময় বেলা একটা ৪৭ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। খসরুজ্জামান চৌধুরী মস্তিষ্কের দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।সিলেট জেলায় জন্ম নেওয়া খসরুজ্জামান চৌধুরী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের মহকুমা প্রশাসক থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি পরবর্তী সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন। স্বাধীনতার পর তিনি ময়মনসিংহের প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।খসরুজ্জামান চৌধুরী ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে লুইজিয়ানা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা শুরু করেন। তিনি অর্থনীতি ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু বই ও অসংখ্য প্রবন্ধের রচয়িতা। তিনি ছোটগল্প ও বিভিন্ন রম্যরচনার মাধ্যমেও খ্যাতি লাভ করেন।খসরুজ্জামান চৌধুরীর স্ত্রী তাহমিনা জামান চৌধুরী একজন লেখিকা। তাঁর মেয়ে শামিনা চৌধুরী বোস্টন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। ছেলে ফয়সল চৌধুরী প্রকৌশলী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী। মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁকে যুক্তরাষ্ট্রেই সমাহিত করা হবে। লুইজিয়ানা থেকে খসরুজ্জামান চৌধুরীর মরদেহ নিউইয়র্কে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এর আগে লুইজিয়ানার ব্যাটল রোজ শহরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে পুনরায় জানাজা অনুষ্ঠিত হবে। লং আইল্যান্ডের কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, মরহুম খসরুজ্জামান চৌধুরীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ সম্মান প্রদর্শন করেই সমাহিত করা হবে।এদিকে, নিউইয়র্কে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধারা মরহুমকে গার্ড অব অনার প্রদানের প্রস্তুতি গ্রহণ করেছেন। নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি, বিয়ানীবাজার সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ প্রবাসী ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মরহুম খসরুজ্জামান চৌধুরীকে শেষ বিদায় জানানোর বিভিন্ন উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।