মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের অবসরের বয়স ৬১ করার সুপারিশ
মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৯ থেকে বাড়িয়ে ৬১ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।কমিটির সদস্য এইচ এন আশিকুর রহমান বৈঠক শেষে প্রথম আলো অনলাইনকে জানান, সাধারণ চাকরিজীবীদের চাকরি থেকে অবসরের বয়সসীমা সম্প্রতি ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আগে থেকেই অবসরের বয়সসীমা ৫৯ ছিল। তাই বর্তমান প্রেক্ষাপটে তাঁদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে অবসরের বয়সসীমা ৬১ করার সুপারিশ করা হয়েছে।আশিকুর রহমান আরও জানান, গতকাল প্রথম আলোতে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ফেল করেও চাকরি পেলেন ১৪৪ জন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কমিটি প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন সংসদীয় কমিটিতে পাঠানোর জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ফেল করে চাকরি পাওয়ার নজির একটি গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। সে জন্য কমিটি স্বচ্ছতার জন্য ঘটনাটি তদন্তের সুপারিশ করেছে।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর ৬০ এবং মৌখিক পরীক্ষার নম্বর ৪০ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বৈঠকে মন্ত্রণালয়ের ভেতরে ও বিভাগে চাকরিরত সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরদের সঙ্গে বাইরে চাকরিরত সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের বেতন-বৈষম্য দূর করার সুপারিশ করা হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুস শহীদ, এইচ এন আশিকুর রহমান, এ বি এম গোলাম মোস্তফা, আবু তালহা, এম এ মান্নান ও জাহানারা বেগম অংশ নেন।