মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরের জীবনসংগ্রাম
মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন। মুক্তিযুদ্ধের পর তিনি যোগ দেন আনসার-ভিডিপিতে। স্ত্রী আর দুই পুত্র নিয়ে ভালোই কাটছিল তাঁর দিন। কিন্তু সুখের দিন বেশি দিন টিকল না তাঁর। হঠাৎ একদিন স্ট্রোক করলেন জাহাঙ্গীর। তাতেই এলোমেলো হয়ে গেল তাঁর সংসার। স্ট্রোকের কারণে ডান হাতসহ শরীরের ডান পাশ অবশ হয়ে যায়। ফলে কাজ থেকে বিরতি নেন। স্ত্রী বড় ছেলেকে নিয়ে চলে যান। একদিন ছোট ছেলেও হারিয়ে যায়।এরপর জাহাঙ্গীরের অসহায় জীবন। একটু সুস্থ হয়ে কাজকর্ম শুরু করলেন। রাস্তায় রাস্তায় চকলেট, চিপস বিক্রি করে কোনো রকম চালাচ্ছিলেন জীবন। এ অবস্থায় পরিচয় হয় তাসলিমা বেগম নামে এক নারীর সঙ্গে। কিছু দিন যেতেই বিয়ে করেন তাঁরা। এখন দুজনে মিলেই চা, পান-সিগারেট, চকলেট, চিপস বিক্রি করে জীবন চালান।সংগ্রামী এই দুজনকে দেখা যাবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পশ্চিম গেটে। জাহাঙ্গীরের স্ত্রীকে ওখানে বেশি পাওয়া যায়। কারণ, জাহাঙ্গীর ফ্লাস্ক নিয়ে পার্কে ঘুরে ঘুরে চা বিক্রি করেন।অসুস্থতার সময় তিনি মুক্তিযুদ্ধের সদনপত্রটিও হারিয়ে ফেলেন। তাই মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পান না। দিন দিন তাঁর শরীর আরও খারাপ হচ্ছে। চোখেও কম দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে প্রতিদিন জাহাঙ্গীরকে অনেক টাকার ওষুধ খেতে হয়। সংসারে তাঁর অর্থকষ্ট লেগেই আছে।মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেনের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন যে কেউ। যোগাযোগের ঠিকানা: মো. জাহাঙ্গীর হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-৫৮৭৩, অগ্রণী ব্যাংক, গৌরনদী শাখা, বরিশাল। মোবাইল: ০১৭৩১৩১৮০৯৭।