মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রোগে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (৫৯) শয্যাশায়ী হয়ে পড়েছেন। টাকার অভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না তিনি। বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঘোলাগাড়ী খাসপাড়া গ্রামে তাঁর বাড়ি।মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্র জানায়, জয়নাল আবেদীন এক বছর ধরে মূত্রনালিতে মাংস বৃদ্ধি, বুক ও পেটে ব্যথা এবং শরীরের নিচের অংশে রগটানা ব্যথায় ভুগছেন। অভাব-অনটনের সংসারে তাঁকে ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া হয়নি।সম্প্র্রতি জয়নাল আবেদীনের বাড়িতে গেলে তিনি কেঁদে ওঠেন। বেঁচে থাকার জন্য আকুতি জানান। চিকিৎসা-সহায়তার জন্য তিনি সরকারের কাছে অনুরোধ জানান।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যুক্তিগাছা গ্রাম থেকে। ভারতের পানিঘাটায় প্রশিক্ষণ শেষে তিনি ময়মনসিংহ, জামালপুর, জগন্নাথগঞ্জ ও সিরাজগঞ্জ এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর পরিবার-পরিজন নিয়ে শেরপুরের ঘোলাগাড়ী খাসপাড়ায় এসে বসবাস শুরু করেন তিনি।জয়নাল আবেদীন আওয়ামী লীগ সরকারের সময় (১৯৯৬ সালে) অসহায় মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পেতেন। কিন্তু ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর তাঁর ভাতা বন্ধ হয়ে যায়। এর পর সংসারের খরচ মেটাতে তাঁকে শহরের বিভিন্ন মার্কেটে রাত্রিকালীন পাহারাদারের কাজ করতে হয়। কিন্তু বয়সের ভারে তিনি পাহারাদারের কাজে অক্ষম হয়ে পড়েন। এখন তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী।জয়নাল আবেদীন জানান, স্থানীয় উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তার কাছে বারবার ধরনা দিয়েও ভাতার টাকা পাননি। তাঁকে এখন খেয়ে না-খেয়ে অতি কষ্টে জীবন যাপন করতে হচ্ছে।জয়নাল আবেদীনের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, ‘স্বামীর চিকিৎসার জন্য এলাকার সাংসদের কাছে একাধিকবার ধরনা দিয়েছি। কিন্তু কোনো উপকার পাইনি।’উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোফাজ্জল হোসেন বলেন, জয়নাল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা প্রয়োজন। নইলে বিনা চিকিৎসায় তাঁকে মরতে হবে। জয়নাল আবেদীনের চিকিৎসার জন্য সরকারের কাছে তিনি অনুরোধ জানান। তিনি আরও জানান, জয়নাল আবেদীনের মুক্তিযোদ্ধাভাতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে হয়েছে।