মুক্তিযোদ্ধা মানিক সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিক সরকার মুক্তিযোদ্ধা। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ১৭। ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তিনি প্রশিক্ষণ নিয়েছেন মেলাঘরে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা তাঁদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। তখন তাঁদের গ্রামের সাতজন মুক্তিযুদ্ধে যান। তিনজন এখনো বেঁচে আছেন। তাঁদের একজন মানিক সরকার। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের কথা মনে অইলে গায়ের পশম কাঁটা দিয়া ওঠে। আমি মুক্তিযোদ্ধা, এটা মনে হলেই গর্ব হয়।’মানিক সরকার এখন বাদাম, শিমের বিচি, ডাবলি ও বুট ভাজা বিক্রি করেন মতিঝিল এলাকায়। সকালে উঠে রান্না সারেন। বাদাম, শিমের বিচি, ডাবলি ও বুট ভাজেন। তারপর খেয়েদেয়ে সকাল ১০টার মধ্যে বাসা থেকে বের হয়ে পড়েন। বেচা-বিক্রি করেন রাত ১০-১১টা পর্যন্ত। মানিক জানান, দুই কেজি বাদাম, আধা কেজি শিমের বিচি, আধা কেজি ডাবলি ও এক কেজি বুট চলে সারা দিনে। শিমের বিচি কিনতে হয় ১০০ টাকা কেজি করে, বাদামের কেজি পড়ে ৮৫ টাকা, ডাবলির কেজি ৩৮ টাকা। মানিক এসব কিনে আনেন সদরঘাটের মদিনা মার্কেট থেকে।মানিক সরকার বলেন, ‘বুট-বাদাম সবাই খায়। তবে দোকানদার, রিকশাওয়ালারা বেশি খায়। সাহেবরাও কিনে। কিনতে গিয়া ফাও বুট-বাদাম খায়। কিনে দুই টাকার বাদাম, ফাও খায় চার টাকার। মাইনসে ফাও খায় আধা কেজির মতো। মানুষের বিবেক নাই।’ সারা দিনে মানিক সরকারের লাভ থাকে ২০০ টাকার মতো। বাদামের দাম বাড়ায় লাভ কমে গেছে বলে তিনি জানান।মানিক সরকারের গ্রামের বাড়ি ভৈরবের শ্রীনগর। তিনি জানান, এলাকার মোট ১৫ জন বাদামওয়ালা দুই রুম ভাড়া নিয়ে থাকেন মুগদাপাড়ায়। ঘরভাড়া মাথাপিছু ৪০০ টাকা। দুই বেলা খাওয়ার জন্য জনপ্রতি ৬০ টাকা দিতে হয়।মানিক দুপুরে মতিঝিল ফুটপাত থেকে রুটি খেয়ে নেন গুড় দিয়ে। তিনি জানান, তাঁর জন্মের কিছুক্ষণের মধ্যে তাঁর মা মারা যান। সৎমায়ের কাছে মানুষ হয়েছেন। বাড়িতে স্ত্রী, তিন সন্তান আর সৎমা আছেন। মানিকের দুই ছেলে পড়াশোনা করে। তিনি জানান, তাঁর আয় দিয়ে সংসার চলে না। তাঁর স্ত্রী প্রায়ই বাপের বাড়ি থেকে চাল, ডাল ও টাকা-পয়সা আনেন। তাঁর স্ত্রীর তিন ভাই গ্রিস থাকেন। তাঁরা সাত লাখ টাকা খরচ করে মানিকের বড় ছেলেকে গ্রিস নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু ছেলেটা গ্রিসের সীমান্ত থেকে ফেরত আসে। মানিক বলেন, ‘পাঁচ মিনিট বর্ডার খোলা থাকলে পোলাডা গ্রিসে ঢুইকা যাইতে পারত। আমার পোলার লগের সাতজন গুলি খাইয়া মরছে। আমার পোলার ওপর ময়মুরুব্বির দোয়া আছে বইলা ফেরত আইছে। আমার একটা পুলা গ্রিসে গেলে আমার পরিবারটা খাড়াইয়া যাইত।’ মানিকের ছোট ছেলে পড়াশোনায় ভালো; পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। পড়ার খরচ তার ছেলের মামারা দেন বলে মানিক জানান।