মুক্তিযোদ্ধা মালেক মুন্সীর লুঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালেক মুন্সী লুঙ্গির ব্যবসা করেন। ১১ বছর ধরে জিপিওর উল্টো পাশের ফুটপাতে বসেন। সকাল নয়টার মধ্যে চলে আসেন। রাত ১০টা পর্যন্ত বেচাবিক্রি করেন। মালেক মুন্সী জানান, তিনি জুরাইনে থাকেন। চার হাজার টাকা ঘরভাড়া দেন।মালেকের তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে বউ নিয়ে তাঁর সঙ্গে থাকেন। ওই ছেলে পুরান কাপড়ের ব্যবসা করেন যাত্রাবাড়ীতে। মেজো ছেলে একটা বেসরকারি হাসপাতালের ক্লিনার। ছোট ছেলে পড়াশোনা করছে। মালেক জানান, তাঁর মেয়ের বিয়ে হয়েছিল, একটা বাচ্চাও আছে। সেই বাচ্চা নিয়ে মেয়ে এখন মালেকের সঙ্গে থাকেন।প্রতিদিন মালেকের লাভ হয় ৪০০-৫০০ টাকা। তিনি বলেন, বৃষ্টিবাদলের দিনে বেচাবিক্রি কমে যায়। আবার মাসের শেষ দিকেও বেচাবিক্রি কম থাকে। তখন পুঁজি ভেঙে খেতে হয়। মালেক লুঙ্গি, গামছা আনেন গাউছিয়া, নরসিংদী, নবাবগঞ্জ থেকে।মালেক মুন্সীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায়। তিনি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ করেছেন মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায়। মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ১৭ বছর। ভারতের বক্সনগর ক্যাম্পে ট্রেনিং নিয়েছিলেন। মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর সনদও আছে।মেয়ে মায়াকে নিয়ে মালেক এখন সমস্যায় আছেন। তিনি জানান, মেয়েটা কলেজে পড়ার সময় একটি ব্যাংকের কর্মচারী কাসেমের সঙ্গে প্রেম করেন। পরে তাঁরা বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যেই কাসেম মায়াকে মারধর করতে শুরু করেন। প্রথম দিকে তাঁরা এসব জানতেন না। মালেক বলেন, ‘আমি ফুটপাতে লুঙ্গি বেচি। তার পরও মাইয়ার শান্তির লইগ্যা হুন্ডা, ফ্রিজ, টেলিভিশন কিন্না দিছি। মায়ার মা সারা দিন মাইয়ার লাইগ্যা কানত। আমি ভান্ডারি তরিকার লোক। মাঝারে গিয়া পইড়া থাকতাম। মাইয়াটার সংসারের শান্তির জন্য কানতাম। মাস দুয়েক আগে মায়ারে জামাই তালাক দেয়। মায়ার দুই বছরের একটা মাইয়া আছে। খবর পাইছি, কাসেম একটা বিয়া করছে। মায়ার মা বছর খানেক আগে মারা গেছে। এখন মাইয়া সারা দিন ঘর বন্ধ কইরা কান্দে। আমার আর বাসায় যাইতে ইচ্ছা করে না।’