মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মোর্শেদ-মতিন পরিষদ বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে হেলাল মোর্শেদ-মতিন পরিষদ বিজয়ী হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান পদে বড় জয় পেয়েছেন সংসদের সাবেক আহ্বায়ক হেলাল মোর্শেদ খান। হেলাল তাঁর মূল প্রতিদ্বন্দ্বী আবদুল আহাদ চৌধুরীর চেয়ে ১৮ হাজার ১৫৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।আজ রোববার রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে ফল টাঙানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী ৬৪ জেলায় টেলিভিশন মার্কা নিয়ে হেলাল মোর্শেদ খান ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪১২টি। দোয়াত-কলম মার্কা নিয়ে আহাদ চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ২৫৮ ভোট। আরেক চেয়ারম্যান পদপ্রার্থী ইসমত কাদির গামা আনারস মার্কা নিয়ে ১০ হাজার ৮৫৪ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।অন্যদিকে মহাসচিব হয়েছেন হেলাল-মতিন পরিষদের প্রার্থী এমদাদ হোসেন মতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাদ-মহিউদ্দিন পরিষদের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ।নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নেয়। চেয়ারম্যান পদে উপরিউক্ত তিনজন ছাড়া আরও সাতজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। তবে তাঁরা কেউ উল্লেখযোগ্যসংখ্যক ভোট পাননি।গতকাল শনিবার প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সরাসরি ভোটে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।সারা দেশের ৪৮১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদের জন্য ছয়টি প্যানেলে মোট ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, জেলা কমান্ডের ১৭টি পদ এবং উপজেলা কমান্ডের ১১টি পদের জন্য ভোট দিয়েছেন। নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে।হেলাল মোর্শেদ খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমাদের প্যানেলকে ভোট দেওয়ার জন্য সব মুক্তিযোদ্ধাকে ধন্যবাদ। আমরা মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করব।’চেয়ারম্যান পদপ্রার্থী ইসমত কাদির নির্বাচন নিয়ে সাংবাদিকদের কাছে নানা অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলারা সবাই হেলাল মোর্শেদের পক্ষে কাজ করেছে। আমরা এত খারাপ ফলাফল আশা করিনি।’