মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন চেয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা
অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন দাবি করেছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। তাঁদের দাবি, নির্বাচন না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যকর কোনো কমিটি নেই। এ কারণে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পূরণ হচ্ছে কি না, তা দেখার কেউ নেই। ৩০ শতাংশ কোটা পূরণ না হওয়ার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। মুক্তিযোদ্ধার সন্তান নামের সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে বলেন, ১৯৯৬ সালে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমিটি থাকায় সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পূরণ নিশ্চিত হয়েছিল। কিন্তু এখন সে অবস্থা না থাকায় সরকারি চাকরিতে কোটা ঠিকমতো পূরণ করা হচ্ছে না। অথচ মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির বয়স পার হয়ে যাচ্ছে।