মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
ফেনীর সোনাগাজীর মুক্তিযোদ্ধা সফিউল্লা হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ সোমবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম হারুনর রশিদ এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আটজন আসামির মধ্যে মো. সেলিম ও বাচ্চু মিয়া বর্তমানে কারাগারে আটক রয়েছেন। বাকি ছয় আসামি মো. ফারুক, মোশারফ হোসেন ওরফে রুবেল, আনোয়ার হোসেন ওরফে সুমন, নাসির উদ্দিন, জামসেদ আলম ওরফে কিরণ ও মো. ইসমাইল পলাতক। বেকসুর খালাস পাওয়া তিন আসামি হলেন জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও জসিম উদ্দিন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, জেলার সোনাগাজী উপজেলার চর ডুব্বা গ্রামের অধিবাসী ও মুক্তিযোদ্ধা সফিউল্লার কাছে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী চাঁদা দেওয়ার পরও তারা সন্তুষ্ট হয়নি। আরও চাঁদা দাবি করে সন্ত্রাসীরা জানিয়ে দেয়, দাবি করা চাঁদা দেওয়া না হলে তাঁকে হত্যা করা হবে। পরে ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি সফিউল্লাকে গুলি করে হত্যা করা হয়।এ ঘটনায় সফিউল্লার স্ত্রী বিবি খদিজা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) নুরুর রহমান ২০০৪ সালের ২৩ জুলাই ১১ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার রায় শোনার পর নিহত মুক্তিযোদ্ধার ছেলে মো. হানিফ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। তিনি উচ্চ আদালতে সাজা বাড়ানোর জন্য আপিল করার কথা জানান।