মুক্তিযোদ্ধাদের অতন্দ্র প্রহরী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। সরকার ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল শনিবার মেহেরপুরের মুজিবনগরে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন। মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সাংসদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় প্রমুখ।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। এ বিচারের জন্য আদালত গঠন, বিচারক নিয়োগ, আইনজীবী প্যানেল গঠনসহ সব কাজ চূড়ান্ত হয়েছে। এখন বিচারের পক্ষে জনমত গঠন ও পরিবেশ সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে। তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীদের বিচার চায় না বলে বিদ্যুৎ, পানি, গ্যাস ও আইনশৃঙ্খলার সমস্যা তুলে ধরে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সৈয়দ আশরাফ বলেন, মুজিবনগর সরকারই স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করে। পরে দেশ পুনর্গঠনের কাজে হাত দেয়। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধকে বিকৃতির ষড়যন্ত্র শুরু হয়। একটি মহল তখন থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলে মুক্তিযুদ্ধকে গণ্ডগোলের বছর বলে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এর আগে সকাল সাড়ে ১০টায় নেতারা মুজিবনগরে পৌঁছান। পরে সৈয়দ আশরাফের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টারা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের সময় দেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারীদের মধ্যে জীবিত চার আনসার সদস্যের নেতৃত্বে একটি দল নেতাদের গার্ড অব অনার দেন।