মুক্তিযোদ্ধাদের আদর্শ মাথায় রেখে সংবিধান সংশোধন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের ত্যাগ, আদর্শ ও চিন্তাধারা মাথায় রেখে সংবিধান সংশোধন করতে হবে বলে মনে করেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বলেছেন, ‘সংবিধান সংশোধন তো অবশ্যই করা যায় আইন অনুযায়ী। তবে যখনই আমরা আমাদের সংবিধান সংশোধনের কথা চিন্তা করব, আমরা যেন সেই লাখো মুক্তিযোদ্ধা ও লাখো শহীদের কথা চিন্তা করি, মাথায় রাখি।’গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। বাহাত্তরের সংবিধানের মূলনীতি থেকে যেন সামান্যতম পদস্খলন না হয়। এ ছাড়া বিচারপতিদের অভিশংসনের (ইমপিচমেন্ট) বিষয়েও কথা বলেন তিনি।বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্রায় দেড় হাজার আইনজীবীকে সনদ দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন করেছেন লাখো মুক্তিযোদ্ধা, জীবন দিয়েছেন ৩০ লাখ শহীদ। যাঁদের রক্তের আকরে আমাদের সংবিধান লেখা হয়েছে, সেই মুক্তিবাহিনী, যাঁরা জীবন বাজি রেখে এই বাংলাদেশকে পৃথিবীর বুকে নিয়ে এসেছেন, যাঁরা আমাদের একটা পতাকা উপহার দিয়েছেন, একটা মানচিত্র ও জাতীয় সংগীত উপহার দিয়েছেন। তাই যখনই আমরা আমাদের সংবিধান সংশোধনের কথা চিন্তা করব, আমরা যেন সেই লাখো মুক্তিযোদ্ধা ও শহীদের কথা চিন্তা করি ও মাথায় রাখি। তাঁরা কী চিন্তা করে, কী স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, তাঁদের চিন্তাধারা, ভিশনস, তাঁদের আইডিয়ালিজম...এগুলো যেন আমরা মাথায় রাখি। এগুলোর প্রেক্ষাপটে (ব্যাকগ্রাউন্ডে) সংবিধান সংশোধন করতে হবে, অন্য কোনোভাবে নয়। কারণ, এই সংবিধান এবং এই দেশ তাঁদেরই সৃষ্টি। আমরা তাঁদের আত্মত্যাগের সুবিধাভোগী (বেনিফিশিয়ারি) মাত্র।প্রধান বিচারপতি আরও বলেন, ‘বাহাত্তর সালের বেসিক প্রিন্সিপল (মূলনীতি) থেকে যেন এতটুকু পদস্খলন আমাদের না নয়। আমাদের বেসিক স্ট্রাকচার (মৌলিক কাঠামো) অবশ্যই পরিবর্তনযোগ্য নয়। সংবিধানের বেসিক কাঠামো কেউই পরিবর্তন করতে পারে না।’ইমপিচমেন্ট অব দ্য জাজেস প্রসঙ্গে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল বলেন, ‘সংসদ সদস্যগণ, পার্লামেন্ট এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, তা তাঁদের ব্যাপার। তাঁদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। নিঃসন্দেহে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে তাঁরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তবে এর একটু ইতিহাস আছে। ইমপিচমেন্ট কীভাবে হলো, এটাও জানা দরকার। মোগল আমলে কিংবা যেকোনো সময় সম্রাট, রাজা-বাদশাহরা তাঁদের খুশিমতো কাজি, বিচারক, বিচারপতি নিয়োগ করতেন এবং খুশিমতো তাঁদের বরখাস্ত (ডিসমিস) করতেন।...রাজারা তাঁদের খুশিমতো নিয়োগ দিতে পারতেন। এমনকি এক সেকেন্ডে তাঁদের গর্দানও চলে যেতে পারত। স্যার থমাস ম্যুর এর একটা উদাহরণ।’ স্যার এডওয়ার্ড কুকের উদাহরণ টেনে প্রধান বিচারপতি বলেন, ‘১৬১৭ সালে প্রথম কিং জেমস বরখাস্ত করেন এডওয়ার্ড কুককে। সেই সময় রাজাদের একচ্ছত্র ক্ষমতা ছিল।...এরপর এল অ্যাক্ট অব সেটেলমেন্ট ১৭০১। এই প্রথম ঠিক হলো, রাজার খুশিমতো বিচারকদের অব্যাহতি দেওয়া সম্ভব নয়। বিচারকদের যদি উনি একবার নিয়োগ দেন, তাহলে তিনি কোনো বিচারপতিকে বরখাস্ত করতে পারবেন না, যদি কোনো সুনির্দিষ্ট অসদাচরণের অভিযোগ না থাকে। সেটা কে দেখবে? দেখবে সংসদ। সংসদে যদি দুই-তৃতীয়াংশ সদস্য ইমপিচমেন্টের পক্ষে থাকেন, তাহলে একজন সুপিরিয়র কোর্টের জাজকে ইমপিচ করা যাবে, অন্যথায় নয়। এই প্রথম রাজার ক্ষমতা থেকে প্রজাদের মধ্যে ক্ষমতাটা চলে এল। এর ইতিহাস এ জন্য গুরুত্বপূর্ণ যে সেই সময় রাজার হাত থেকে রক্ষা করার জন্যই পার্লামেন্ট এই বিষয়ে পদক্ষেপ নিয়েছিল। এভাবেই ইমপিচমেন্টের অধিকারটা সংসদের আসে। এটা একজন বিচারপতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়, বরং রক্ষা করার জন্য, রাজার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষার জন্য।’ প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, যেকোনো বিচারক বা বিচারপতির বড় অস্ত্র হচ্ছে জনগণের আস্থা। জনগণের আশা-ভরসার স্থল হচ্ছেন বিচারপতিরা। এটা সেই ১৭০০ ও ১৮০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বুঝতেন। আজও সর্বত্র বোঝেন। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিচারকদের নিয়ে, বিচারব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা হয়। তার পরও কিন্তু সবাই বিচারালয়েই আসেন। বিচারকদের কাছেই আসেন। এর কারণ হচ্ছে, এখনো বিচারকগণ জনগণের আস্থা উপভোগ করেন। এখনো মানুষ মনে করে, সুপ্রিম কোর্টে বা জেলা আদালতে আমরা ন্যায়বিচার পাব।’ প্রধান বিচারপতি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এই যে জনগণের আস্থা, আমরা তার কিছুই অবসান হতে দেব না। জজ সাহেবদের প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার কায়েম করা।’ তিনি বলেন, ‘আজকাল প্রায়ই আমি কথাটা শুনি, রিলিফ দিতে হবে।...রিলিফ দেওয়াটা কোনো জজ সাহেবের দায়িত্ব নয়। তাঁদের দায়িত্ব ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।...ব্যক্তিগত চিন্তাধারা কোনোভাবেই যেন বিচারিক চিন্তাকে প্রভাবিত না করে, সেটা দেখার দায়িত্ব বিচারপতিগণের, বিচারকগণের এবং সেই ব্যাপারে সর্বতোভাবে সহায়তা করার দায়িত্ব আইনজীবীদের।’