জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শাহরিয়ার কবির আজ রোববার জবানবন্দি দিয়েছেন।জবানবন্দিতে তিনি বলেছেন, আসামি মুজাহিদের পাশাপাশি তাঁর দল জামায়াতে ইসলামী এবং মুক্তিযুদ্ধকালে দলটির সহযোগী বাহিনী রাজাকার, আলবদর, আলশামসের বিচার এই ট্রাইব্যুনালে হওয়া উচিত।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আলবদর বাহিনীতে রূপান্তরিত হয়েছিল। ওই সময় পাকিস্তান ছাত্র সংঘের প্রধান ছিলেন মতিউর রহমান নিজামী এবং প্রাদেশিক ছাত্র সংঘের প্রধান ছিলেন মুজাহিদ। শাহরিয়ার কবির আরও বলেন, ১৯৭১ সালের ৭ নভেম্বর বদর দিবস পালন উপলক্ষে আলবদর সমাবেশে মুজাহিদ তাঁর ভাষণে মুক্তিযোদ্ধাদের পাকিস্তান ও ইসলামের দুশমন, ভারতের এজেন্ট উল্লেখ করে তাঁদের খতম করার শপথ নেন। পাকিস্তানকে রক্ষা করার জন্য তিনি জিহাদ করতে বলেন। আর তথাকথিত এই জিহাদ হচ্ছে মরণপণ সংগ্রামে নিয়োজিত বাংলাদেশের স্বাধীনতার জন্য নিবেদিত মুক্তিযোদ্ধা ও তাঁদের সহযোগী দেশের সর্বস্তরের মানুষ। প্রায় আড়াই ঘণ্টার জবানবন্দি শেষে শাহরিয়ার কবির বলেন, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না। বাংলাদেশ রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না।শাহরিয়ার কবিরকে আসামিপক্ষের জেরার জন্য দিন ধার্য করা হয়েছে ৩০ আগস্ট। বিচারকাজ শুরুর আগে মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।