মুক্তিযোদ্ধাদের তথ্যভান্ডার উদ্বোধনের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইটে এক লাখ ৭৬ হাজার ৪৩ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করতে যাচ্ছে। এই তথ্যভান্ডার (ডেটাবেইস) উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে। মহান বিজয় দিবসের আগে বা পরে যেকোনো দিন এটি উদ্বোধন করা হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিজয় দিবসের আগে অথবা দু-এক দিন পরে প্রধানমন্ত্রী এই ওয়েবসাইট উদ্বোধন করবেন। ওযেবসাইটে তোলার পরও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ এবং পর্যালোচনার পর নাম সংশোধন ও সংযোজনের সুযোগ থাকবে। তিনি বলেন, ওয়েবসাইটে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা থাকলে বিভিন্ন কাজে এবং সত্য-মিথ্যা যাচাইয়ে তা সহায়ক হবে।সূত্র জানায়, গত বুধবার পর্যন্ত ৯৪ হাজার ৪৯ জন মুক্তিযোদ্ধার নাম ওয়েবসাইটে তোলা হয়েছে। এ ছাড়া ৭৭ হাজার ৪৯৪ জনের নামের তালিকা চূড়ান্ত হয়েছে। এগুলো আপলোড করার কাজ চলছে। এ ছাড়া ওয়েবসাইটে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বা করছেন, এমন সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধার নাম তালিকায় উঠেছে। ডেটাবেইস তৈরি ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে মোট বরাদ্দ চার কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে ডেটাবেইস ও সনদ তৈরির জন্য বরাদ্দ এক কোটি ১৭ লাখ টাকা।জানা যায়, এ পর্যন্ত তৈরি হওয়া মুক্তিযোদ্ধাদের পাঁচটি তালিকার মধ্যে একজন মুক্তিযোদ্ধার নাম একাধিক তালিকায় রয়েছে। যতগুলো তালিকায় নাম থাকুক না কেন, ডেটাবেইসে থাকা নামই চূড়ান্ত বলে ধরা হবে। তবে ডেটাবেইসে সবুজ বার্তায় উল্লেখ থাকা মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মধ্যে সবুজ বার্তায় খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। ওই তালিকার কয়েক হাজার নাম লাল মুক্তিবার্তায় প্রকাশিত হয়নি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ মজিবুল হক প্রথম আলোকে বলেন, এই ডেটাবেইস ইতিহাসের অংশ হয়ে থাকবে। এখানে একজন মুক্তিযোদ্ধা ছাড়াও তাঁর ছেলেমেয়েদের তথ্য, জন্মতারিখ ও পেশা সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। এর ফলে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা সহজ হবে।