মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধি, পর্যবেক্ষণসহ রিট নিষ্পত্তি করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মানী ভাতা বৃদ্ধি ও ৩০ শতাংশ কোটার পূর্ণ বাস্তবায়নসহ বেশ কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধাদের বয়স বাড়ানো নিয়ে করা রিট আবেদনটি নিষ্পত্তি করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে পর্যবেক্ষণে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দুই হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজারে উন্নীত করার দিক বিবেচনা করতে বলা হয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতালে তাঁদের বিনামূল্যে বিনা মূল্যে চিকিত্সাসেবা এবং যানবাহনে হ্রাসকৃত মূল্যে ভ্রমণসেবা নিশ্চিতের বিষয়টিও পর্যবেক্ষণে রয়েছে বলে দুই পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর এক অধ্যাদেশে সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করা হয়। এর আগে ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি আইনে নতুন ধারা সংযোজনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ নির্ধারণ করা হয়। এ প্রেক্ষাপটে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও লিবারেশন ওয়ার ফোর্সেস রিসার্চ ফাউন্ডেশনের সহসভাপতি জামালউদ্দিন শিকদার হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের ৯ জানুয়ারি আদালত রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানির পর আজ আদালত রায় দেন। গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স আরও এক বছর বাড়ানোর ঘোষণা দেন। পরে ২৬ নভেম্বর মন্ত্রিপরিষদ এতে অনুমোদন দেয় বলে জানা গেছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। রায়ের বিষয়ে মুনসুরুল হক চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, সম্ভব হলে মুক্তিযোদ্ধাদের বয়স আরও দুই বছর বাড়ানোর দিকটি বিবেচনা করার কথা বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন। চাকরি থেকে অবসরে যাওয়া মুক্তিযোদ্ধা প্রতিনিধি নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে কমিটি গঠনের কথাও পর্যবেক্ষণে বলা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর বলেন, পর্যবেক্ষণে আদালত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছেন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের বয়স এক বছর বাড়ানো হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এর মধ্যে যাঁরা অবসরে চলে গেছেন, এটা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে যাঁরা এখন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ও চাকরিতে আছেন তাঁদের ক্ষেত্রে এই এক বছর প্রযোজ্য হবে।আবেদনকারী জামালউদ্দিন শিকদার প্রথম আলো ডটকমকে জানান, বর্তমানে কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ১১ হাজার ৭০০ মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে কর্মরত আছেন।