মুক্তিযোদ্ধাদের বাধার মুখে চট্টগ্রাম ছাড়লেন মুজাহিদ
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের বাধার মুখে সভা করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। আজ রোববার বিকেলে নগরের সিরাজদ্দৌলা সড়কের একটি কমিউনিটি সেন্টারে এ সভা হওয়ার কথা ছিল। কিন্তু তারা সভা করার জন্য পুলিশের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন নেয়নি বলে জানা গেছে।আজ দুপুরে কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা-ছাত্র-জনতার ব্যানারে পাল্টা একটি সমাবেশের ঘোষণা করা হয়। ফলে পুলিশ কাউকে সেখানে সমাবেশ করতে দেয়নি। জামায়াতের নেতারা অভিযোগ করেন, পুলিশের বাধার কারণে তাঁরা পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ সভা করতে পারেননি।খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগর জামায়াত গোপনে থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে আজ বিকেলে সভা আহ্বান করে। সিরাজদ্দৌলা সড়কে মহানগর জামায়াতের কার্যালয়ের প্রায় ২০০ গজের মধ্যে একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় মুজাহিদকে প্রধান অতিথি করা হয়। অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুর রহমান ও দলীয় সাংসদ হামিদুর রহমান আজাদ উপস্থিত থাকার কথা ছিল। গতকাল রাতেই তাঁরা গোপনে চট্টগ্রামে আসেন।নগর পুলিশের বিশেষ শাখার সহকারী কমিশনার মো. মঈনুদ্দীন জানান, জামায়াত এ ধরনের সমাবেশ করার জন্য কোনো অনুমোদন নেয়নি বা অনুমোদনের জন্য আবেদন করেনি। বরং পুলিশের কোন ধারায় এ ধরনের অনুমোদন নেওয়ার বিধান আছে, তাঁরা তা জানতে চেয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে আগে থেকেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জামায়াতের নগর কার্যালয়ে জড়ো হতে থাকেন। মুজাহিদ সভা করতে চট্টগ্রামে এসেছেন—খবর পেয়ে মুক্তিযোদ্ধারা তাঁকে প্রতিহত করার ঘোষণা দেন।এ অবস্থায় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ মহানগর জামায়াতের কার্যালয়ে যান। তিনি জামায়াতকে সভা না করার অনুরোধ জানিয়ে বলেন, একই জায়গায় দুটি সংগঠন সমাবেশ করলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।এ সময় নগর জামায়াতের আমির শামসুল ইসলাম ওসি মহিউদ্দিনকে বলেন, ‘আমি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছি। আমাদের নেতা চট্টগ্রামে চলে এসেছেন, তাই অন্তত এক ঘণ্টার জন্য হলেও সভা করতে চাই।’ এরপর মুক্তিযোদ্ধাদের সমাবেশের অনুমতি দিতে তিনি ওসিকে অনুরোধ জানান।জবাবে ওসি বলেন, ‘আপনারা তো সভার কোনো লিখিত অনুমতি নেননি।’ তখন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুবিনুল হক চৌধুরী ওসিকে পাল্টা প্রশ্ন করেন, ‘মুজাহিদ কি বেআইনি কোনো ব্যক্তি যে তাঁর সভার জন্য অনুমতি নিতে হবে?’পুলিশের সঙ্গে জামায়াতের নেতাদের বাগবিতণ্ডার একপর্যায়ে মাইক ও মিছিল নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জামায়াতের কার্যালয়ের সামনে চলে আসেন। কার্যালয়ের পাশে কমিউনিটি সেন্টারের সামনে তাঁরা সমাবেশ শুরু করলে মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাতে যোগ দেন। এ সময় জামায়াতের কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার ফাহিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা বুলবুল গুহ, মোজাহেরুল ইসলাম, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, ছাত্রলীগের সভাপতি এম আর আজিম প্রমুখ।সমাবেশ শেষে তাঁরা মিছিলসহ সিরাজদ্দৌলা সড়ক দিয়ে আন্দরকিল্লা চলে আসার পথে জামায়াতের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। তখন মুক্তিযোদ্ধারা ৩০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এ সময়ে জামায়াত কার্যালয় থেকে মুজাহিদকে বের করে দেওয়া না হলে তাঁরা জামায়াতের কার্যালয় ঘেরাও করবেন।ঘটনার পর জামায়াত কার্যালয়ের ফটকে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম। তিনি বলেন, ‘পুলিশের অগণতান্ত্রিক ও অবৈধ বাধার কারণে আমাদের সভা হতে পারেনি। একটি বৈধ রাজনৈতিক দলের সভা সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিতে হয়, তা আমার জানা নেই।’ জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।’ এ সময় পুলিশ এসে তাঁকে আর কথা না বলার অনুরোধ করলে তিনি ভেতরে চলে যান।এতে সভা না করে সন্ধ্যায় ঢাকায় ফিরে যান মুজাহিদ ও তাঁর সঙ্গীরা।