অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সচ্ছলতা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি বেঁচে থাকতে একজন মুক্তিযোদ্ধাও কষ্টে জীবন যাপন করবেন, তা দেখতে চাই না।’ মুক্তিযোদ্ধাদের সচ্ছলতা নিশ্চিত করতে তাঁর সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। গতকাল বুধবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা ও উপজেলা কমান্ডের কর্মকর্তাদের অভিষেক ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দেশের বিভিন্ন স্থানে ইভ টিজিংয়ের ঘটনা এবং ইভ টিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যার প্রবণতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য দায়ী কাউকেই রেহাই দেওয়া হবে না। সম্প্রতি ইভ টিজিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের হাতে শিক্ষক নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এ জন্য দায়ী একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।প্রধানমন্ত্রী নবনির্বাচিত কমান্ড কাউন্সিলের নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। তিনি অতীতে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি সৃষ্টির অপপ্রয়াসের কথা উল্লেখ করে বলেন, আর যেন কেউ মুক্তিযোদ্ধাদের দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক অধ্যাদেশবলে শুধু সংবিধানকেই ক্ষতবিক্ষত করা হয়নি, হাজার হাজার মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাকে হত্যাও করা হয়। আর এসব কাজ করেছেন মুক্তিযোদ্ধা নামধারী এক ব্যক্তি। তিনি শুধু মুক্তিযোদ্ধাদের হত্যাই করেননি, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন।মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে তাঁর সরকারের ভূমিকা উল্লেখ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা এবং ভাতাভোগীদের সংখ্যা এক লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখে উন্নীত করা হয়েছে। সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স দুই বছর বাড়ানো হয়েছে। যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা সাত হাজার ৮৩৮টি পরিবারের সদস্যদের জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য পরিত্যক্ত বাড়ি দেওয়া হচ্ছে। চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত ছয় হাজার ৪৩১ জন মুক্তিযোদ্ধা নেতাকে শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীতকরণ, আশ্রয়ণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সুচিকিৎসার ব্যবস্থাসহ অসহায় ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।প্রধানমন্ত্রী বলেন, মিরপুরে মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিষ্ঠিত হাসপাতালের অধিকতর উন্নয়ন ও তেজগাঁওয়ে একটি ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য অফিস-কাম-কমার্শিয়াল ভবন নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার ৯ দশমিক ২৪ একর জমির ওপর ‘মুক্তিযোদ্ধা পল্লী’ নির্মাণ প্রকল্প, মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইলের ২০ কাঠা জমির ওপর বাণিজ্যিক ভবন করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদের জমিতে ১৬ তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৬৫ বছর এবং তদূর্ধ্ব বয়সের মুক্তিযোদ্ধাদের সম্মানিত নাগরিক হিসেবে রেল, বাস ও লঞ্চে বিনা ভাড়ায় ভ্র্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান। এ ছাড়া জেলা কমান্ডের পক্ষ থেকে কুমিল্লা জেলা কমান্ডের শফিউল আহমেদ ও উপজেলা কমান্ডের পক্ষ থেকে মিরসরাই কমান্ডের কবীর আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা এবং হেলাল মোর্শেদ খান মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় নিহত চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, এম মনসুর আলী এবং মুক্তিযুদ্ধে শহীদ সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত ২৩ জুলাই সারা দেশের মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হেলাল মোর্শেদ খানের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বাসস ও ইউএনবি।