মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধির সুপারিশ সংসদীয় কমিটির
যেসব মুক্তিযোদ্ধার বার্ষিক আয় ৪৮ হাজার টাকার নিচে, তাঁদের জন্য সম্মানি ভাতা চালু এবং ৬০ ও তার বেশি বয়সের মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করেন। এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ‘সংজ্ঞা’ নির্ধারণের জন্য একটি আইন প্রণয়নেরও সুপারিশ করে কমিটি।কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শওকত মোমেন, শামসুর রহমান, এ কে এম এ আউয়াল ও ওয়ারেসাত হোসেন বৈঠকে অংশ নেন।সভায় কোনো রকম সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ছাড়াই চট্টগ্রামে ‘জুস প্ল্যান্ট’ প্রকল্প গ্রহণের সমালোচনা করা হয়। প্রকল্প গ্রহণকারীদের ব্যাপারে গঠিত ২ নম্বর সাব-কমিটির মাধ্যমে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আবারও তাগিদ দেওয়া হয়।