মুক্তিযোদ্ধাদের সাহায্য করলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘোষণা দেন কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা মো. জহুরুল হক মুন্সী বীর প্রতীককে আসামিপক্ষের জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। জেরায় তিনি বলেন, কামারুজ্জামান ও পাকিস্তানি মেজর আইয়ুব মুক্তিযোদ্ধাদের সাহায্যকারীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার এবং মেয়েদের সম্ভ্রমহানি করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। মাইকে দেওয়া এ ঘোষণা তিনি গোপন জায়গায় থেকে শুনেছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল জহুরুল হককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। কামারুজ্জামান এ সময় আসামির কাঠগড়ায় ছিলেন।কামারুজ্জামান ও মেজর আইয়ুবের ঘোষণা কবে, কোথায় শুনেছিলেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের তৃতীয় এই সাক্ষী বলেন, একাত্তরের জুলাই-আগস্ট মাসে শ্রীবরদী থানার আকবরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জনসভায় এ ঘোষণা দেওয়া হয়।শুরুতে কফিল উদ্দিন বলেন, সাক্ষী গতকাল (বুধবার) জবানবন্দি শেষে ‘জয়বাংলা’ বলেছেন। জহুরুল হক বলেন, হ্যাঁ, এটি মুক্তিযুদ্ধকালের স্লোগান। ‘জয়বাংলা’ আওয়ামী লীগের স্লোগান—আইনজীবীর এ বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, না, এটি গোটা বাঙালি জাতির স্লোগান। আইনজীবী মত (সাজেশন) দেন, সাক্ষী আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা হওয়ায় কামারুজ্জামানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী বলেন, এটি সত্য নয়।মুক্তিযুদ্ধকালে কামরান নামে কাউকে দেখেছেন—কফিল উদ্দিনের এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, না, নাম শুনেছেন। কামরান কে ছিলেন—এর জবাবে তিনি বলেন, কামরান আলবদর সদস্য ছিলেন। কামারুজ্জামানকে প্রথম কবে, কখন দেখেছেন—এর জবাবে তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে স্থাপিত আলবদর ক্যাম্পে মেজর আইয়ুবের সঙ্গে তাঁকে দেখেন। ওই সময় কামারুজ্জামান দেখতে কেমন ছিলেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, তাঁর (কামারুজ্জামান) গোঁফ ছিল না, অল্প কিছু দাড়ি ছিল।কফিল উদ্দিন জানতে চান, কামারুজ্জামানের সঙ্গে প্রথম দেখা হওয়ার আগে তাঁর সম্পর্কে সাক্ষীর ব্যক্তিগত অভিজ্ঞতা কী ছিল? জহুরুল হক বলেন, তিনি (কামারুজ্জামান) শেরপুর কলেজে পড়াশোনা করতেন, পরে জামালপুরে পড়তেন। লেখাপড়ার ফাঁকে বিভিন্ন অফিসে কাগজ-কলম সরবরাহ করতেন। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, কামারুজ্জামানের বাড়ি থেকে তাঁর বাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার এবং ভিন্ন থানায়।মুক্তিযুদ্ধের সময় কামারুজ্জামান ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্র সংগঠন) কোন পদে ছিলেন—এ প্রশ্নের জবাবে জহুরুল হক বলেন, এটি জানা নেই। তবে তিনি আলবদর-আলশামসের কমান্ডার ছিলেন। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, কামারুজ্জামান কবে, কোথায়, কোন মাসে, কোন তারিখে রাজাকার, আলবদর, আলশামস কমান্ডারের দায়িত্ব নেন তা বলতে পারবেন না। সুরেন সাহার বাড়িতে স্থাপিত ক্যাম্পে কয়জন পাকিস্তানি সেনা থাকত—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০-১২ জন পাকিস্তানি সেনা থাকত। অধ্যক্ষ হান্নানের ঘটনা (শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে নির্যাতনের ঘটনা) কবে শোনেন জানতে চাইলে সাক্ষী বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে। শেরপুর কবে শত্রুমুক্ত হয়—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ৭ ডিসেম্বর।জেরার শেষ পর্যায়ে কফিল উদ্দিন মত দেন, সাক্ষী আর্থিকভাবে লাভবান হয়ে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী বলেন, এটি সত্য নয়।পরে ট্রাইব্যুনাল এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৫ আগস্ট (রোববার) দিন ধার্য করেন।হেলালউদ্দিনকে জেরা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল ৪২তম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। পরে তিনি জেরা শেষ করতে আরও তিন-চার দিন সময় চেয়ে বলেন, তদন্ত কর্মকর্তা পুরো আট দিন জবানবন্দি দিয়েছেন। কিন্তু তাঁকে জেরা পুরো ৪২ দিন হয়নি, কারণ সব দিন একটানা জেরা হয়নি। তার পরও মোট যে সময় জেরা হয়েছে তার ২৫ ভাগ ব্যয় হয়েছে তদন্ত কর্মকর্তার উত্তর খোঁজায় এবং অন্যান্য কারণে। আসামিপক্ষের জন্য সময় নষ্ট হয়নি।এর পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ৮ আগস্টের (বুধবার) মধ্যে জেরা শেষ করার নির্দেশ দেন।আদেশে বলা হয়, বৃহস্পতিবারের (গতকাল) মধ্যে জেরা শেষ করার কথা থাকলেও আসামিপক্ষ তা পারেননি। ৪০ দিনেরও বেশি তদন্ত কর্মকর্তাকে জেরা করা হচ্ছে। আসামিপক্ষের আইনজীবী তেমন কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করেননি এবং বৃহস্পতিবারের মধ্যে জেরা শেষ করতে বলায় কার্যক্রম দ্রুত এগিয়েছে। তার পরও জেরা শেষ করতে না পারায় আসামিপক্ষকে আরও চার দিন সময় দেওয়া হলো।