মুক্তিযোদ্ধাদের হাত থেকে পুরস্কার নিলেন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা বেগম—নামটি ঘোষণার পর পুরো মিলনায়তনটাই যেন হয়ে উঠল সংগীতময়। সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন তাঁকে। অর্ধশতাব্দীরও বেশি সময় পরম নিষ্ঠায় সংগীতসাধনা করে চলেছেন তিনি। পেয়েছেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ সান্নিধ্য। চেষ্টা, নিষ্ঠা আর সততার গুণে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন নজরুলসংগীতের সম্রাজ্ঞীর আসনে। ফিরোজা বেগম এখন এক জীবন্ত কিংবদন্তি। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার ২০১১ পেলেন এই গুণী সংগীতশিল্পী।সম্মাননা জানাতে ফিরোজা বেগমকে মঞ্চে নিয়ে এলেন সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তিনি মঞ্চে এলে সশ্রদ্ধ করতালিতে মুখর হয় মিলনায়তন। মঞ্চে ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন এ কে খন্দকার। ফেরদৌসী রহমান তাঁকে উত্তরীয় পরিয়ে দেন।আড়াই ঘণ্টার মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে একই মঞ্চে দাঁড়ালেন দেশের চলচ্চিত্র, টেলিভিশন, সংগীতসহ বিনোদনজগতের তারকারা। কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী চিত্রপরিচালক, চিত্রনাট্যকারেরাও হলেন সম্মানিত। তাঁরা আড্ডা দিলেন, কথা বললেন; এক উত্সবমুখর পরিবেশে পুরস্কার দিলেন, নিলেন।আজীবন সম্মাননা ছাড়া ২০১০ সালের পাঠকদের সরাসরি ভোটে তারকা জরিপ, বিচারকমণ্ডলীর রায়ে টিভি সমালোচক ও চলচ্চিত্র সমালোচক—এই তিনটি বিভাগে ১৬ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।পুরস্কার দেওয়ার জন্য উপস্থাপক বিভিন্ন সময়ে মঞ্চে আমন্ত্রণ জানান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিত্বদের। সঙ্গে ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের তারকারা।শুরুতে দেওয়া হয় সমালোচক পুরস্কার। টেলিভিশন বিভাগে সেলুলয়েড ম্যান নাটকের চিত্রনাট্য রচনার জন্য ইফতেখার আহমদের হাতে পুরস্কার তুলে দেন কে এম সফিউল্লাহ বীর উত্তম ও অদিতি মহসিন। কাঁটা নাটকের জন্য সমালোচকদের রায়ে সেরা টিভি নির্দেশকের পুরস্কার পেয়েছেন অনিমেষ আইচ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রফিকুল ইসলাম বীর উত্তম ও মুনমুন আহমেদ। সমালোচকদের রায়ে টিভির সেরা পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, কাঁটা নাটকে অভিনয়ের জন্য; পুরস্কার তুলে দেন আমীন আহমেদ চৌধুরী বীর বিক্রম ও রোকেয়া প্রাচী। এ শাখায় নারী বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন কাঁটা নাটকের জন্য দীপান্বিতা হালদার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা-শিল্পী লুবনা মরিয়াম ও কুমার বিশ্বজিত্।সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ক্যাথরিন মাসুদ প্রযোজিত রানওয়ে। ক্যাথরিন মাসুদের হাতে এ পুরস্কার তুলে দেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও শাকিলা জাফর। এ পর্বে অপেক্ষা চলচ্চিত্রের জন্য সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পেয়েছেন আবু সাইয়ীদ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা মাহবুব আলম ও তারানা হালিম।অপেক্ষা ও মনের মানুষ চলচ্চিত্রের জন্য যৌথভাবে সেরা পুরুষ অভিনেতার পুরস্কার পেয়েছেন যথাক্রমে জয়ন্ত চট্টোপাধ্যায় ও চঞ্চল চৌধুরী। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ ও রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। চলচ্চিত্রের সেরা নারী অভিনয়শিল্পী মিরানা জামান ও রাবেয়া আক্তারের হাতে পুরস্কার তুলে দেন নূর হামিম রিজভী বীর প্রতীক ও রুমানা রশীদ ঈশিতা। মিরানা জামান অপেক্ষা ও রাবেয়া আক্তার রানওয়ে ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন।তারকা জরিপে এবার সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) বিভাগে পুরস্কার পেয়েছেন হাবিব ওয়াহিদ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন নৌ কমান্ডো খলিলুর রহমান ও শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। তিনি পুরস্কার পেয়েছেন তাঁরপ্রজাপতি চলচ্চিত্রে গানের জন্য। সেরা কণ্ঠশিল্পী নারী শাখায় পুরস্কার পেয়েছেন হালের আরেক আলোচিত শিল্পী ন্যান্সি। হাবিবুল আলম বীর প্রতীক ও তামান্না রহমান তাঁর হাতে পুরস্কার তুলে দেন। ন্যান্সি ‘শিশির ভেজা’ গানের জন্য পুরস্কার পেয়েছেন। পুরুষদের মধ্যে টিভির সেরা অভিনয়শিল্পী হয়েছেন গ্র্যাজুয়েট নাটকের জন্য জাহিদ হাসান। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সুজেয় শ্যাম ও মুনিরা ইউসুফ।টিভির সেরা নারী অভিনয়শিল্পী তিশার হাতে পুরস্কার তুলে দেন হারুন উর রশিদ বীর প্রতীক ও রিচি সোলায়মান। গ্র্যাজুয়েট নাটকে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি।চলচ্চিত্র বিভাগে পুরুষ অভিনয়শিল্পীর পুরস্কার তুলে দিতে মঞ্চে আসেন সাবেক সেনাপ্রধান হারুন-উর-রশিদ বীর প্রতীক ও সারাহ্ বেগম কবরী। তাঁরা পুরস্কার তুলে দেন শাকিব খানের হাতে। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। চলচ্চিত্রের সেরা নারী অভিনয়শিল্পী পুরস্কার পেয়েছেন মৌসুমী। গোলাপী এখন বিলেতে চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা ফারুক ও রোজিনা।